বায়ার্নের ইতিহাস, ম্যানইউর ফর্ম
কারা ফেবারিট? ম্যানচেস্টার ইউনাইটেড না বায়ার্ন মিউনিখ? চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে দুদল। এর আগে এ প্রশ্নের সমাধান খুঁজতে দুটি পরিসংখ্যানে চোখ রাখতে পারেন আপনি। প্রথমত, দুদলের সাম্প্রতিক পারফরম্যান্সে এবং এর পর দেখতে পারেন দুদলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস। দুদলের সাম্প্রতিক ইতিহাস আপনাকে জানিয়ে দেবে ম্যানইউ নিরঙ্কুশ ফেবারিট। কারণ টানা ৬ ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়েই আজ জার্মানিতে যাচ্ছে অ্যালেক্স ফার্গুসনের দল। উল্টো দিকে বায়ার্নকে মাঠে নামতে হচ্ছে লিগে টানা দুই ম্যাচ হেরে। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন-ম্যানইউর অতীত ইতিহাস ঘাঁটলে অবশ্য বায়ার্নকেই এগিয়ে রাখতে চাইবে সবাই। ১৯৯৮ সালে গ্রুপ পর্বে দুদলের প্রথম সাক্ষাত্ থেকে শুরু করে এ পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে বায়ার্ন-ম্যানইউ। আর এতে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখই। সাত ম্যাচের ৪টিই ড্র হয়েছে। নিষ্পত্তি হওয়া দুটি ম্যাচের ফল গেছে বায়ার্নের পক্ষে। তবে আজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ম্যানইউর মুখোমুখি হওয়ার আগে বায়ার্ন মিউনিখের ওই জেতা দুটি ম্যাচ আসছে না। ফিরে ফিরে আসছে হেরে যাওয়া ম্যাচটিই। ১৯৯৯ সালের ফাইনালে ইনজুরি সময়ের দুই গোলে ম্যানইউর কাছে ১-২ গোলে পরাজিত ম্যাচটির কথা তারা ভোলেই-বা কী করে! তাই আজ আবার ম্যানইউকে সামনে পেয়ে বায়ার্নে উঠে আসছে সেই দুঃখ। যেটি তাদের প্রেরণাও। ম্যানইউকে পেছনে ফেলতে বায়ার্নের বড় দুই অস্ত্র ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রোবেন। মৌসুমের শুরুর দিকটা চোটের কাছে বিসর্জন দেওয়ার পর মাঠে ফিরে দারুণ ফর্মে আছেন ফরাসি প্লে-মেকার রিবেরি। তবে রোবেনের খেলাটা এখনো নিশ্চিত নয়। বুন্দেসলিগায় সর্বশেষ ম্যাচে বদলি হিসেবে নেমে ডাচ প্লে-মেকার মাঠ ছেড়েছেন খোঁড়াতে খোঁড়াতে। চোট আছে ম্যানইউতেও। সামান্য চোটে ভুগছেন ম্যানইউর দুই ইংলিশ তারকা ওয়েইন রুনি ও রিও ফার্ডিনান্ড। ইংলিশ লিগের সর্বশেষ ম্যাচটিতে রুনিকে তাই মাঠেই নামাননি ফার্গুসন। আজ নামতে পারবেন কি না, সেটাও শতভাগ নিশ্চিত নয়। এর পরও খানিক স্বস্তির আবহ ম্যানইউতে। রুনির বিকল্প দিমিতার বারবেতভের আগের ম্যাচে ভালো খেলা এর একটা কারণ, তবে সবচেয়ে বড় কারণ প্রতিপক্ষ প্লে-মেকার রোবেনকে নিয়ে অনিশ্চয়তা। ম্যানইউ কোচ ফার্গুসন রিবেরি আর রোবেনকেই যে দেখছেন জার্মানি থেকে জয় নিয়ে ফেরার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, ‘রিবেরি আর রোবেনই আসলে বায়ার্নের পতাকাটা বয়ে নিয়ে যাচ্ছে। অনেক ম্যাচেই ওরা পেছনে পড়েছে এবং এ দুজন ওদের বাঁচিয়েছে। রিবেরি ভালো খেলোয়াড়, আমি তাকে পছন্দ করি। আমি নিশ্চিত না রিবেরি রুনি আর মেসির তুল্য হবে কি না। কিন্তু রিবেরি খুব ভালো খেলোয়াড়।’ নিশ্চয়তা আর অনিশ্চয়তার ব্যাপারটা লিওঁ-বোর্দোর ম্যাচটির সঙ্গে খুব ভালো যায়। সেমিফাইনালে কারা যেতে পারে? শেষ ষোলোর লড়াইয়ের আগেও যদি এই প্রশ্ন করা হতো তাহলে ১০-১২টি দলের তালিকাতেও হয়তো ফরাসি দুই ক্লাব লিওঁ আর বোর্দোকে কেউ রাখত না। এই অনিশ্চয়তা পার করে কোয়ার্টারে খেলছে দল দুটি। আর নিশ্চিত করে ফেলেছে একটি বিষয়—সেমিফাইনালে ফ্রান্সের একটি দল থাকছেই। এএফপি।