বায়ার্নের কাছে হার রিয়ালের
ক্রিস্টিয়ানো রোনালদোদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরের তোলার স্বপ্নটা কঠিন করে দিল বায়ার্ন মিউনিখ। গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত প্রথম লেগের সেমিফাইনালে বায়ার্নের কাছে ২-১ গোলে হার মানতে হয়েছে রিয়ালকে।ম্যাচের ১৭ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ফ্রাঙ্ক রিবেরি। প্রথমার্ধে গোল বলতে এই একটিই। খেলার ৫৩ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান মেসুত ওজিল। কিন্তু খেলার একেবারে শেষ মুহূর্তে রিয়ালকে দুঃস্বপ্ন ‘উপহার’ দেন বায়ার্নের মারিও গোমেজ। ৯০ মিনিটে করা গোমেজের গোলেই হার নিশ্চিত হয় রিয়ালের।এ ম্যাচে ছিলেন রিয়ালের আক্রমণভাগের প্রধান হাতিয়ার ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু জ্বলে উঠতে পারেননি পর্তুগিজ এই উইঙ্গার। প্রথমার্ধে দুটি দুর্দান্ত ফ্রি কিক নিলেও গোলের দেখা পাননি রোনালদো।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রিয়ালের কঠিন পরীক্ষার রাতে যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছেন রেফারি হাওয়ার্ড ওয়েব। দুই দলের ফুটবলারদের আক্রমণাত্মক মনোভাব, ফাউল, পেনাল্টির আবেদন—সব মিলিয়ে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছিল। নয়টি হলুদ কার্ড দেখাতে হয় ওয়েবকে। কিন্তু অবাক করার ব্যাপার হলো কাউকেই মাঠের বাইরে পাঠাননি এই ব্রিটিশ রেফারি।রিয়াল ম্যানেজার হোসেন মরিনহো ম্যাচ শেষে দাবি করেন, বায়ার্নের প্রথম গোলটি ‘অফসাইড’ ছিল। তবে রেফারির সমালোচনা করেননি তিনি।‘আমি রেফারির সমালোচনা করি না। আমি তাঁর সিদ্ধান্ত মেনে নিয়েছি। বায়ার্নের প্রথম গোলটা রেফারির দেওয়া ঠিক হয়নি। কিন্তু এ কারণে রেফারির সমালোচনা করার কারণ দেখছি না আমি। খেলার ফল ড্র হলে ন্যায্য হতো। আসলে এটাই ফুটবল।’ বলেছেন মরিনহো।