বায়ার্নের ছন্দপতন
এই লড়াইটিকে ‘এল ক্লাসিকো’ বলে না কেউ। নেই প্রতিদ্বন্দ্বিতার দীর্ঘ ইতিহাসও। নেই, তবে হয়ে উঠবে ভবিষ্যতে। বায়ার্ন মিউনিখ জার্মানির সবচেয়ে বড় দল। আর লিগের বর্তমান চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড হয়ে উঠতে চায় তেমনি সমৃদ্ধ দলগুলোর একটি। পরশু বর্তমান চ্যাম্পিয়ন আর শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামা দুই দলের লড়াইয়ে তাই চোখ ছিল অনেকের।শেষ পর্যন্ত ৬৫ মিনিটে করা মারিও গোয়েটসের একমাত্র গোলে বায়ার্নকে তাদেরই মাঠে হারাল ডর্টমুন্ড। শীর্ষে থাকা বায়ার্নের বিপক্ষে এই জয় তাদের শিরোপা ধরে রাখার মিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নিঃসন্দেহে। জিতলে ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের পয়েন্টের ব্যবধান হয়ে যেত ৮। এখন সেটি মাত্র ২ পয়েন্টের। ১৩ রাউন্ড শেষে বায়ার্নের পয়েন্ট ২৮, দুইয়ে থাকা ডর্টমুন্ডের পয়েন্ট ২৬। আরেক বরুশিয়া—মনশেনগ্লাডবাখেরও পয়েন্ট ২৬। তবে গোল-ব্যবধানে পিছিয়ে আছে তারা।ওদিকে ইতালিয়ান লিগে ভাগ্যের জোরে জিতেছে ইন্টার মিলান। লিগে ১০ ম্যাচে যেটি মাত্র তৃতীয় জয় তাদের। ক্যালিয়ারির বিপক্ষে ইন্টারের ২-১ গোলের এই জয় দুই ব্রাজিলিয়ানের সৌজন্যে। ৫৪ মিনিটে গোল করেছেন থিয়াগো মোত্তা, ৬ মিনিট বাদে ফিলিপ্পে কৌটিনহো। ৮৮ মিনিটে একটি গোল ফিরিয়ে দেওয়া ক্যালিয়ারি অবশ্য মোত্তার গোলটি হয়নি বলেই দাবি করেছে। টিভি রিপ্লেতেও দেখা গেছে, মোত্তা ছিলেন অফসাইডে।মিলানেরই আরেক ক্লাব এসি মিলান পরশু গোলশূন্য ড্র করেছে ফিওরেন্তিনার মাঠে। নাপোলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে লাৎসিও। ফলে শীর্ষে থাকা দুই দলের ব্যবধান থেকে গেল একই। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে লাৎসিও, ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মিলান। অবশ্য গতকাল রাতে পার্মার বিপক্ষে জিতে থাকলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে উদিনেসে। ওয়েবসাইট।