বায়ার্নের জয়, হেরেছে মিলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের খেলায় আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আজ বুধবার রাতে অনুষ্ঠিত অপর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ০-১ গোলে হেরে গেছে এসি মিলান।

বায়ার্ন-আর্সেনালের ম্যাচে ফেবারিট ছিল বায়ার্ন। মাঠের লড়াইয়েও সেটা প্রমাণ করে পেপ গার্দিওলার দল। ম্যাচের বেশির ভাগ নিয়ন্ত্রণ দলটির হাতেই ছিল। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই, অথচ দুটি গোল হতে পারতো। পেনাল্টি থেকে গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন আর্সেনালের মেসুত ওজিল ও বায়ার্নের ডেভিড আলবা। দুজনের কেউই ওই সুযোগ কাজে লাগাতে পারেননি।

৫৪ মিনিটে টনি ক্রোসের করা গোলে এগিয়ে যায় বায়ার্ন। খেলার একেবারে অন্তিম মুহূর্তে (৮৮ মিনিটে) দারুণ এক হেডে স্কোরলাইন ২-০ করে ফেলেন টমাস মুলার।

বায়ার্ন-আর্সেনাল ম্যাচের মতো মিলান-অ্যাটলেটিকো ম্যাচেও গোলের দেখা মিলছিল না। মনে হচ্ছিল, গোলশূন্যভাবেই শেষ হতে চলেছে প্রথম লেগের ম্যাচটি। সেটা হয়নি অ্যাটলেটিকোর প্রাণভোমরা ডিয়েগো কস্তার কল্যাণে। ৮৩ মিনিটে করা তাঁর গোলের সুবাদেই শেষ হাসি হাসে অ্যাটলেটিকো। সূত্র: গোল ডটকম।