বায়ার্নের পেনাল্টি জুজু
পেনাল্টির জুজুটা বায়ার্ন মিউনিখের খেলোয়াড়দের মনে আগে থেকেই ছিল। টাইব্রেকারের সময় নাকি অনেক তারকা খেলোয়াড়ই শ্যুটআউটে অংশ নিতে অনাগ্রহ দেখিয়েছিলেন। সে কারণে কোচ ইয়ুপ হেইঙ্কস পেনাল্টি নেওয়ার তালিকায় রেখেছিলেন গোলরক্ষক ন্যায়ারের নাম। তথ্যটি কোচ হেইঙ্কস ম্যাচ শেষে নিজেই সরবরাহ করেছেন সংবাদকর্মীদের। পেনাল্টি নিয়ে আতঙ্ক ও আত্মবিশ্বাসের অভাবই শেষ পর্যন্ত কাল হয়েছে বেভারিয়ানদের জন্য।‘আমার দলের কয়েকজন খেলোয়াড় পেনাল্টির ব্যাপারে আত্মবিশ্বাসের অভাবে ভুগছিল। তাঁরা আমার কাছে এসেই টাইব্রেকারে অংশ নেওয়ার ব্যাপারে নিজেদের অপারগতার কথা জানায়।’ বলেছেন হেইঙ্কস। ‘১২০ মিনিট খেলার পর খেলোয়াড়দের ক্লান্ত থাকাটাই স্বাভাবিক। ও রকম একটি মুহূর্তে আপনি কাউকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করতে পারেন না।’ পরক্ষণেই অবশ্য নিজের দলের খেলোয়াড়দের রক্ষণে যুক্তি নিয়ে তৈরি হেইঙ্কস।হেইঙ্কস বলেন, ‘পেনাল্টি নিতে অপারগতা দেখানো খেলোয়াড়দের মধ্যে আরিয়েন রোবেনও আছে। সে অবশ্য বায়ার্নের হয়ে বেশির ভাগ পেনাল্টিই নিয়ে থাকে।’ কাল অতিরিক্ত সময়ে পেনাল্টি মিস করার জন্যই সে পরে টাইব্রেকারের সময় শট নিতে চায়নি বলে জানিয়েছেন বায়ার্ন মিউনিখ কোচ। রয়টার্স।