বায়ার্নের বিশাল জয় ও একজন মারিও গোমেজ
ফিফার ওয়ার্ল্ড ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কারে মারিও গোমেজকে নিয়ে কখনোই কোনো মাতামাতি হয় না। রোনালদো ও মেসির সঙ্গে তুলনার প্রসঙ্গই হয়তো উঠবে না। উঠলেও রোনালদো-মেসি ভক্তদের খিস্তি সামলাতে হতে পারে আপনাকে। কিন্তু বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার কাল দুর্দান্ত এক হ্যাটট্রিকে প্রমাণ করেছেন, বিশ্ব ফুটবলের আলোচিত হওয়ার মতোই প্রতিভা রয়েছে তাঁর মধ্যে।মাত্র কয়েক দিন আগেই বুন্দেসলিগায় হফেনহেইমের বিপক্ষে ৭-১ গোলের বড় জয় পেয়েছিল বায়ার্ন মিউনিখ। সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন গোমেজ। কাল চ্যাম্পিয়নস লিগের আরও বড় পরিসরে এফসি বাসেলের বিপক্ষে তাঁর পা থেকে বেরিয়ে এল আরও একটি হ্যাটট্রিক। মারিও গোমেজের ত্বরিত চার-চারটি গোলের সুবাদে বায়ার্ন মিউনিখ বাসেলকে ৭-০ গোলে এক প্রকার উড়িয়েই দিয়েছে। চ্যাম্পিয়নস লিগেই নাপোলির বিপক্ষে আরও একটি হ্যাটট্রিক রয়েছে তাঁর। সব মিলিয়ে লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন গোমেজ। এই মৌসুমে এখনো পর্যন্ত মেসির চেয়ে ২ গোল পিছিয়ে থেকে মারিও গোমেজের গোলসংখ্যা ১০। বুন্দেসলিগায় তাঁর গোলসংখ্যা ২১।মেসি-রোনালদোর মতো চোখ চেয়ে দেখার মতো হয়তো নয়। কিন্তু গোমজের প্রতিটি গোলই দারুণ সুযোগ-সন্ধানী। কালও দুটো গোল তিনি করেছেন, একেবারে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। মারিও গোমেজ নামটাই যেন ভুলে গিয়েছিলেন এফসি বাসেলের রক্ষণ সেনারা। ফ্রাঙ্ক রিবেরি ও আরিয়েন রোবেনের সহায়তা নিয়ে মারিও গোমেজ হয়ে উঠলেন একপর্যায়ে ভয়ংকরতম। ফলে নিজের হ্যাটট্রিক ও বায়ার্নের ৭-০ গোলের বিরাট জয়।মারিও গোমেজের প্রথম গোলটি আসে বিরতির ঠিক আগের মুহূর্তে। এই গোলটিতে অবশ্য গোমেজ মূল কৃতিত্ব নিতে চাইবেন না কখনোই। কারণ, হোলগার ব্যাডস্টাবারের বাসেলের রক্ষণ চিড়ে দেওয়া সেই পাসটিরই দিক নির্দেশনা কেবল বদলেছেন মারিও গোমেজ। দ্বিতীয় গোলটি আসে বিরতির পরপরই। ফ্রঙ্ক রিবেরির ক্রস দুর্দান্ত এক ভলিতে গোলে পরিণত করেন তিনি। রিবেরির ক্রস থেকেই আসে তাঁর তৃতীয় ও চতুর্থ গোল। তৃতীয়টি মাথা ছুঁইয়ে ও চতুর্থটি পোস্টের খুব কাছ থেকে গোলে পরিণত করেন তিনি। ম্যাচ শেষে বায়ার্ন কোচ জুপ হেইঙ্কেস বলেন, ভালো লাগছে গোমেজ গোল পাওয়ায়। একটা সময়ে সে দলে খুব কোণঠাসা হয়ে পড়েছিল। তিনি আরও বলেন, প্রতিটি দলেরই উচিত তাদের সেরা স্ট্রাইকারকে যথোপযুক্ত সুযোগ করে দেওয়া। মারিও গোমেজের ব্যাপারে আমরা সেটাই করছি এবং ফল পাচ্ছি।যাকে নিয়ে এত আলোচনা সেই মারিও গোমেজের মন্তব্য শুনুন, ‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। জিততে পেরে ভালো লাগছে।’ নিজের হ্যাটট্রিক নিয়ে কোনো কথা না বলে গোমেজ বলেছেন, ‘বায়ার্ন মিউনিখ নিজেদের জন্য একটি কঠিন লক্ষ্য স্থির করেছে। আশা করছি সেই লক্ষ্যের নাগাল পাব আমরা।’ রয়টার্স।