বায়ার্নের রেকর্ডও যখন আড়ালে
জার্মান বুন্দেসলিগায় প্রথম আট ম্যাচেই জয়ের নতুন রেকর্ডে গড়ে ফেলল বায়ার্ন মিউনিখ। পরশু ফরটুনা ডুসেলডর্ফের বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়ে অনন্য এক মাইলফলকে পা রেখেছেন কোচ ইয়ুপ হেইঙ্কেসও। এটা ছিল বায়ার্নের ৬৭ বছর বয়সী কোচের বুন্দেসলিগায় ৩০০তম জয়। কিন্তু বায়ার্নের রেকর্ড জয়, হেইঙ্কেসের মাইলফলক ছোঁয়ার কীর্তি—পরশু এই সবকিছুই ঢাকা পড়ে যায় দর্শক হাঙ্গামার কালো ছায়ায়।না, ডুসেলডর্ফ-বায়ার্নের ম্যাচে নয়, পরশু ভয়াবহ দর্শক হাঙ্গামাটা ঘটেছে বরুসিয়া ডর্টমুন্ড-শালকে জিরো ফোরের ১৪১তম ডার্বিকে কেন্দ্র করে। যে ঘটনায় আটজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে দুই শ সমর্থককে। উচ্ছৃঙ্খল সমর্থকেরা পুলিশের একটা গাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, স্টেডিয়ামের পাশের একটা হোটেলও ভাঙচুর করেছে। স্টেডিয়ামে আসার পথে শালকের ৬০০ সদস্যের একটা গ্রুপের ওপরও হামলা চালায় ডর্টমুন্ডের সমর্থকেরা। পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে পুলিশ জলকামান ব্যবহার করে। এর পরই শুরু হয় ধরপাকড়। ঘটনার শুরু অবশ্য সকালেই। ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্কের ৮০ হাজার টিকিটই বিক্রি হয়ে যায়। খেলা দেখতে আসার পথে সকালেই শালকের শ-খানেক সমর্থক ঝগড়ায় জড়িয়ে পড়ে। দুপুরের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ১ হাজার পুলিশ পাহারায় ম্যাচটা অবশ্য ভালোয় ভালোয়ই শেষ হয়েছে, যাতে ২-১ গোলে জিতে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে শালকে। টানা আট ম্যাচেই জেতা বায়ার্ন ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে।ইতালিতে পরশু মুখোমুখি হয়েছিল মৌসুমের দুই অপরাজিত দল, জুভেন্টাস-নাপোলি। স্বাভাবিকভাবেই জুভেন্টাস স্টেডিয়ামের ম্যাচটিকে ঘিরে ছিল বাড়তি কৌতূহল—কে ধরে রাখতে পারে অপরাজিত থাকার ধারাটা। শেষ পর্যন্ত মর্যাদার সেই লড়াইয়ে জয়ী স্বাগতিক জুভেন্টাসই। জিতেছে ২-০ গোলে। আট ম্যাচে এটা তাদের সপ্তম জয়। ওদিকে আবারও হেরে গেছে এসি মিলান। পরশু তৃতীয় স্থানের দল লাৎসিওর কাছে ৩-২ গোলের হারটা মৌসুমে মিলানের আট ম্যাচে পঞ্চম! মিলানের অন্য দল ইন্টার কাল কাতানিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে। এএফপি।