বায়ার্নের লক্ষ্য বার্সার রক্ষণ
টনি ক্রুসের হ্যামস্ট্রিং সমস্যা কি আজ বায়ার্ন মিউনিখের জন্য আশীর্বাদ হয়ে আসছে? প্রশ্নটিতে কপালের ভ্রু কুঞ্চিত হতে পারে অনেকেরই। কিন্তু আসল কথা হচ্ছে, আজ ক্রুস না খেললে তা একরকম বায়ার্নকে সুবিধাই দেবে। ক্রুসের চোটজনিত সমস্যায় আজ জুটি বাঁধবেন ‘রোবেরি’। মানে, আরিয়েন রোবেন ও ফ্রাঙ্ক রিবেরি। দুই উইং ব্যবহার করে আজ এই ‘র’ যদি আক্রমণের ঝড় তুলতে পারেন, তাহলে তা হবে বার্সেলোনার জন্য সত্যিই এক বিরাট চ্যালেঞ্জ।বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ—দুই দলই দুই উইং ব্যবহার করে খেলতে অভ্যস্ত। বার্সার দুই উইংয়ে ভিয়া ও পেদ্রো আছেন। কিন্তু কাতালানদের দুর্বল জায়গা দুই উইংব্যাক। জর্ডি আলবা ও দানি আলভেজ যতটা রক্ষণে, কৌশলের কারণে তাঁদের আক্রমণে সহায়তা করতে হয় তার চেয়েও বেশি। সে কারণে রোবেন-রিবেরি জুটি বার্সেলোনার জন্য ভয়ের কারণ হলেও হতে পারে। এরিক আবিদালকে আজ টিটো ভিলানোভা একাদশে রাখবেন কি না, জানা নেই। আজকের দিনে কিন্তু আবিদাল বার্সার রক্ষণে যথেষ্টই অনুভূত হবেন। আবিদাল অসুস্থ হয়ে পড়ার পর বার্সেলোনার উইংব্যাকে যে সমস্যা তৈরি হয়েছে, রোবেন-রিবেরির মতো দুর্দান্ত দুই উইঙ্গারের সমন্বয়ে গড়া বায়ার্নের সঙ্গে তাতো প্রকট হয়েই দেখা দেওয়ার কথা। যদিও আলবা আর আলভেজের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই, তার পরও আজকের ম্যাচে রোবেন-রিবেরির কল্যাণে আজকের ম্যাচে বার্সার দুর্বলতম জায়গা এই দুজনই। বার্সেলোনার মধ্যমাঠ নিয়ে কোনো কথা হবে না। যে দলে জাভি-ইনিয়েস্তা-মেসির মতো তিনটি নাম সংযুক্ত আছে, সে দলের মধ্যমাঠ নিয়ে কথা বলার কোনোই মানে নেই। এই তিন গ্রেট ফুটবলারের গুণেই দুর্দান্তভাবে গুণান্বিত কাতালানদের ‘মধ্য রণাঙ্গন’। এদের একজনই তো বিশ্বের যেকোনো দলকে জিতিয়ে মাঠ ছাড়াতে পারে।সার্জিও বুসকেটসকে কিন্তু হিসাবের বাইরে রাখবেন না। রোবেন, রিবেরির সঙ্গে টমাস মুলার ও মারিও গোমেজের সমন্বয়ে গড়া বায়ার্নের দুর্দান্ত আক্রমণের মুখে কিন্তু তিনিই হবেন জাভি, ইনিয়েস্তা, মেসিদের বল জোগানের পাইপলাইন। রক্ষণভাগের ঠিক মুখের জায়গাটিতে দাঁড়িয়ে সামনে বল বাড়িয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ কাজটি যিনি করবেন, তাঁকে আপনি ভুলে যেতে পারেন, বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কস অবশ্যই ভোলেননি। জাভি, ইনিয়েস্তা, মেসিদের নামের এতটাই ভার যে অনেকেই সার্জিও বুসকেটস নামটি বিস্মৃত হয়ে যান খুব সহজেই।বার্সেলোনা তাদের রক্ষণব্যূহে কার্লোস পুয়োলকে খুব মিস করবে আজকে। চোটের কবলে পড়ে মাঠের বাইরে থাকা পুয়োলের জায়গাটি দেওয়া হয়েছে মার্ক বারত্রাকে। পুয়োলের জায়গায় চলনসই বারত্রা আজ রাতে খেলবেন এখনো পর্যন্ত তাঁর জীবনের সবচেয়ে বড় ম্যাচটি। এই ম্যাচে বারত্রা উের গেলেই কেবল পুয়োলের জায়গায় তাঁকে নিয়ে নিশ্চিন্ত হতে পারেন বার্সার সমর্থকেরা। উল্টোটা হলে বলতে হয়, কার্লোস পুয়োলের বিকল্প তৈরি করা এত সোজা নয়।আরেক রক্ষণসেনা জেরার্ড পিকেকে নিয়ে সবচেয়ে বড় সমস্যা, তিনি গতিহীন। রিবেরি ও রোবেনের সঙ্গে বাস্তেইন শোয়েনস্টাইগারকে ঠেকাতে পিকেকে গতিটা বাড়াতে হবে যথেষ্টই। বায়ার্ন মিউনিখের রক্ষণভাগ আলোকিত করবেন ফন বাইটেন, ফিলিপ লাম ও দানতে। সঙ্গে থাকবেন আলবা। ফিলিপ লামের ট্যাকলিংয়ের যে সাফল্য হার (৬৫ ভাগ), তাতে জাভি, ইনিয়েস্তা, মেসিদের রুখে দিতে তাঁর ওপর ভরসা রাখাই যায়। কিন্তু জাভি, ইনিয়েস্তা, মেসি, পেদ্রো আর ভিয়াদের রুখতে নিজেদের ছাড়িয়ে যেতে হবে বায়ার্ন রক্ষণভাগকে। আর তাতে নেতৃত্ব দেবেন ফিলিপ লামই।দুই দলের একাদশের চিত্র পর্যালোচনা করলে বার্সেলোনার রক্ষণভাগকেই দুর্বল বলে মনে হচ্ছে। আজকের আগুন খেলায় বার্সার রক্ষণই হবে বায়ার্নের মূল লক্ষ্যক্ষেত্র। আরিয়েন রোবেন ও ফ্রাঙ্ক রিবেরি যদি নিজেদের সেরা খেলাটা খেলতে পারেন, তাহলে কাতালান সমর্থকদের দাঁত দিয়ে নখ কাটতেই হবে। আর বায়ার্ন সমর্থকদের তলপেট খালি করে দিতে এক লিওনেল মেসিই যথেষ্ট। দলগতভাবে বায়ার্ন যা-ই হোক, ওদেরতো আর মেসির মতো কেউ নেই। বার্সার ভরসার জায়গা এটিই। ওয়েবসাইট অবলম্বনে।