বায়ার্নের শিরোপা-পঞ্চক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিতে ঝলমলে মুখগুলোই বলে দিচ্ছে বছরের পাঁচ নম্বর ট্রফিটা জিতে কতটা উচ্ছ্বসিত বায়ার্ন মিউনিখ খেলোয়াড়েরা । রয়টার্স
হাসিতে ঝলমলে মুখগুলোই বলে দিচ্ছে বছরের পাঁচ নম্বর ট্রফিটা জিতে কতটা উচ্ছ্বসিত বায়ার্ন মিউনিখ খেলোয়াড়েরা । রয়টার্স

মারাকেস স্টেডিয়ামে শেষ বাঁশি বাজল। এখানে-ওখানে দু-একটা লাল জার্সি লাফিয়ে উঠল বটে, কিন্তু সব মিলিয়ে বায়ার্ন মিউনিখের উচ্ছ্বাস বা উদ্যাপনে বাড়াবাড়ি নেই। থাকবে কেন! ট্রফিটা তো তাদেরই জেতার কথা ছিল।
সেমিফাইনালে অ্যাটলেটিকো মিনেইরোকে হারানোর পর রাজা ক্যাসাব্লাঙ্কা হুমকি দিয়েছিল, নিজের মাঠে বায়ার্নকেও ছেড়ে কথা বলবে না তারা। সেটাকে শুধু ‘কাগুজে হুমকি’ বানিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপ চ্যাম্পিয়নরা জিতল ২-০ গোলে।
দেশ আর ইউরোপ জয় করার পর এবার বিশ্বজয়ও হলো বায়ার্ন মিউনিখের। ১৯৭৬ ও ২০০১ সালের ইন্টারকন্টিনেন্টাল কাপের পর তৃতীয়বারের মতো বৈশ্বিক কোনো শিরোপা জিতল জার্মান ক্লাবটি।
দান্তে আর থিয়াগোর দুই গোলে পাওয়া জয় অবশ্য ম্যাচে বায়ার্নের আধিপত্যটা ঠিক বোঝাতে পারে না। ম্যাচের ৭৫ ভাগ বলের দখলই ছিল পেপ গার্দিওলার দলের। দেড় ঘণ্টায় কখনোই বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি মরক্কোর ক্লাব। তার পরও ব্যবধান আরও বেশি না হওয়ায় যেন পুরোপুরি সন্তুষ্ট নন বায়ার্ন কোচ গার্দিওলা, ‘আমরা শুরুটা করেছি দারুণভাবে, প্রথম আধা ঘণ্টা খুব ভালো খেলেছি কিন্তু তারপরই যেন আক্রমণ করতে ভুলে গেলাম। তবে অচেনা একটা দলের সঙ্গে খেলাটা খুব সহজও নয়।’
এটা সত্যি, দুই দলের শক্তির ব্যবধান যতটা ম্যাচের ফলে সেটা ফুটে ওঠেনি। তবে শেষ পর্যন্ত ‘মিশন ফাইভে’র সফলতাকেই বড় বলে মানছেন গার্দিওলা, ‘এক বছরে পাঁচ শিরোপা অবশ্যই দারুণ ব্যাপার। আমি আমার ক্লাব, খেলোয়াড় আর সব কর্মকর্তাকে নিয়ে গর্বিত। তবে এর কৃতিত্ব আমার চেয়ে বেশি হেইঙ্কেসের পাওনা। দলটা তাঁর হাতে গড়া।’ দলগত এই অর্জনের পাশাপাশি মরক্কো থেকে একটা সুখস্মৃতি নিয়ে যাচ্ছেন বায়ার্ন উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরিও। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা উঠেছে তাঁর হাতে।
ফাইনালে খেলার স্বপ্নপূরণ হয়নি অ্যাটলেটিকো মিনেইরোর। গুয়াংজু এভারগ্রান্ডেকে ৩-২ গোলে হারিয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জেতাটা তাই বড় কোনো আনন্দের উপলক্ষ হয়ে আসেনি ব্রাজিলের ক্লাবের জন্য। তার ওপর যোগ হওয়া সময়ের গোলে পাওয়া কষ্টার্জিত জয়ের জন্য চড়া মূল্য দিতে হয়েছে মিনেইরোকে। ৮৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ম্যাচে একটি গোল করা রোনালদিনহো। এএফপি।
রোল অব অনার
২০০০ করিন্থিয়ানস
২০০৫ সাও পাওলো
২০০৬ ইন্টারন্যাসিওনাল
২০০৭ এসি মিলান
২০০৮ ম্যানচেস্টার ইউনাইটেড
২০০৯ বার্সেলোনা
২০১০ ইন্টার মিলান
২০১১ বার্সেলোনা
২০১২ করিন্থিয়ানস
২০১৩ বায়ার্ন মিউনিখ