বায়ার্নের সঙ্গী অ্যাটলেটিকো

সুখী মানুষটার নাম পেপ গার্দিওলা। পরশু রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ-আর্সেনাল ম্যাচের পর এক অসুখী মানুষকেও পাওয়া গেছে।
নিজের মাঠে ২ গোলে হারের পর প্রতিপক্ষের মাঠে তার চেয়ে বেশি ব্যবধানে জয়—চ্যাম্পিয়নস লিগের ২১ বছরের ইতিহাসে নকআউট পর্বে কোনো দলের এমন কীর্তি নেই। ইতিহাস গড়ার স্বপ্নে দল নিয়ে মিউনিখ গিয়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। পারেননি। সর্বস্ব দিয়ে চেষ্টা করেও আর্সেনালকে সন্তুষ্ট থাকতে হয়েছে দ্বিতীয় লেগে ১-১ ড্র নিয়ে। তাঁর মন খারাপ থাকাটাই স্বাভাবিক। দুই লেগ মিলিয়ে ৩-১ জয়ে আরও একবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। কোচ গার্দিওলা সুখী মানুষই। কিন্তু অসুখী মানুষটি কে?
অসুখী বায়ার্নের সাম্মানিক সভাপতি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এত কিছুর পরও দলের পারফরম্যান্সে হতাশ তিনি। বায়ার্নের খেলায় নাকি সৃষ্টিশীলতা ছিল না। নিজের খেলা দেখে যে আনন্দ পাননি সেটা বোঝাতে একটা খোঁচাও দিলেন পেপ গার্দিওলা আর তাঁর সাবেক দল বার্সেলোনাকে, ‘শেষ পর্যন্ত ওরা তো বার্সেলোনার মতো হবে, যাদের খেলা দেখা যায় না। গোললাইনের কাছে গিয়েও যারা পেছনে পাস দেয়।’ খোঁচাটা অবশ্য গায়ে মাখেননি গার্দিওলা, উল্টো প্রশংসায় ভাসিয়েছেন ছাত্রদের, ‘আমরা খুব কম ভুল করেছি। খুব বুদ্ধিমত্তার সঙ্গে খুবই উঁচু মানের খেলেছি। আমি খুবই সন্তুষ্ট।’
হার ছাড়াও ওয়েঙ্গারের অসন্তুষ্টির আরেকটা কারণও আছে। প্রথম লেগ শেষে আর্সেনাল কোচ ‘ডাইভের’ অভিযোগ তুলেছিলেন বায়ার্ন উইঙ্গার আরিয়েন রোবেনের বিরুদ্ধে। পরশু রাতেও করেছেন একই অভিযোগ, ‘একেবারে কিছু না হলেও রোবেন সেখান থেকে কিছু বের করে আনে। সে খুব ভালো ডাইভার।’ পত্রপাঠ জবাব দিয়েছেন বায়ার্ন উইঙ্গারও, ‘বড় কোচ হলে আপনাকে হার মেনে নিতে জানতে হবে। হারের পর ফালতু অজুহাত দেখানো মানায় না।’
১৯৯৫-৯৬ মৌসুমে আয়াক্স আর ২০১০-১১ মৌসুমে ইন্টার মিলান নিজেদের মাঠে ১ গোলে হেরেও প্রতিপক্ষের মাঠে বড় ব্যবধানে জিতে উঠেছিল পরের পর্বে। এই তালিকায় তৃতীয় দল হওয়ার স্বপ্ন নিয়ে ভিসেন্তে ক্যালদেরনে অতিথি হয়ে গিয়েছিল এসি মিলান।
অ্যাটলেটিকো মাদ্রিদ সাতবারের চ্যাম্পিয়নদের ফিরিয়ে দিয়েছে আরও বেশি লজ্জা দিয়ে। শেষ ষোলোর প্রথম লেগে মিলানের ১-০ গোলের হারের সঙ্গে পরশু তারা অ্যাটলেটিকোর কাছে হেরেছে ৪-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে ১৭ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে অ্যাটলেটিকো। এর আগে শেষবার তারা চ্যাম্পিয়নস লিগের শেষ আটে খেলে সেই ১৯৯৭ সালে, ডিয়েগো সিমিওনে যখন অ্যাটলেটিকোর খেলোয়াড়।
নিজের মাঠে অ্যাটলেটিকোর গোল-উৎসবের নায়ক ডিয়েগো কস্তা। শুরু এবং শেষে ব্রাজিল বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকারের ২ গোলের মাঝে মিলানের জালে আরও দুবার বল পাঠিয়েছেন রাউল গার্সিয়া ও আরদা তুরান। একই সঙ্গে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মতো এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এখনো অপরাজিত রয়ে গেল অ্যাটলেটিকো। ম্যাচ শেষে এই সাফল্যের গোপন রহস্য শোনালেন কোচ সিমিওনে, ‘এটা আমাদের গত আড়াই বছরের পরিশ্রমের ফল। আমরা একটা দল হিসেবে খেলি। আমাদের সীমাবদ্ধতা ও শক্তির জায়গাটা জানি।’ এএফপি।
এক নজরে
বায়ার্ন ১: ১ আর্সেনাল
দুই লেগ ৩-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন
অ্যাটলেটিকো ৪: ১ মিলান
দুই লেগ ৫-১ গোলে জিতে শেষ আটে অ্যাটলেটিকো