বায়ার্নের হাতে ম্যানইউর বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত কিছুই ঘটতে পারত। একটা হতে পারত, সেমিফাইনালে লিওঁর মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ তা না হয়ে এই সেমিফাইনালটি হচ্ছে লিওঁ-বায়ার্ন মিউনিখে। ওল্ড ট্রাফোর্ডে পরশু ২-৩ গোলে হেরেও সেমিফাইনালে উঠেছে বায়ার্ন। দুই লেগ মিলে ফল হয়েছিল ৪-৪। প্রতিপক্ষের মাঠে গোল করার হিসাবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে ম্যানইউ। পরশুর আরেক কোয়ার্টার ফাইনালেও ঘটেছে প্রায় একই রকম ঘটনা। দুই ফরাসি ক্লাবের লড়াইয়ে ১-০ গোলে জিতেও সেমিফাইনালে উঠতে পারেনি বোর্দো। প্রথম লেগে যে লিওঁর কাছে ১-৩ গোলে হেরেছিল তারা।সেমিফাইনালে উঠতে পারত ম্যানইউ, এটা বলার কারণ আছে। ‘জিততেই হবে’ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে গিবসন ও নানির গোলে ৭ মিনিটের মধ্যেই ২-০-তে এগিয়েও গিয়েছিল অ্যালেক্স ফার্গুসনের দল। ৪১ মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধানটা ৩-০ করেন নানি।প্রথম লেগে বায়ার্নের জয়ের নায়ক ইভিচা অলিচ ৪৩ মিনিটে একটা গোল ফেরত দিলেও ৫০ মিনিট পর্যন্ত ঝঞ্ঝামুক্তই মনে হচ্ছিল ম্যানইউকে। কিন্তু ঝামেলাটা বাধল ৫০ মিনিটে রাফায়েল দুই হলুড কার্ড দেখে মাঠের বাইরে চলে যাওয়ার পর। প্রথমার্ধে কোণঠাসা বায়ার্ন এর পরই ফিরে আসে ম্যাচে, প্রবল পরাক্রমে। বলই পাচ্ছিল না ম্যানইউ। ম্যানইউর স্বপ্নভাঙা গোলটি আরিয়েন রোবেন করেন অবশ্য আরও ২৪ মিনিট পর। ৭৪ মিনিটে ফ্রাঙ্ক রিবেরির কর্নার কিক খুঁজে নিয়েছিল পেনাল্টি বক্সের প্রান্তে দাঁড়িয়ে থাকা রোবেনকে। বলটি পেয়ে রকেট গতির দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান ডাচ ফরোয়ার্ড। ম্যানইউ কোচ তাঁর দলের এই পরিণতির জন্য দায়ী করলেন ইতালিয়ান রেফারি নিকোলা নিেজাল্লিকে। মিডফিল্ডার রাফায়েলের লাল কার্ড দেখাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলছেন তিনি, ‘আমরা ১১ জন থাকলে ওরা কখনোই জিততে পারত না। আসলে জার্মান খেলোয়াড়েরা ওকে লাল কার্ড দেখাতে রেফারিকে প্ররোচিত করেছে—চিরাচরিত জার্মান! তারা রেফারিকে ঘিরে ধরল এবং তাকে মাঠছাড়া করল। তবে এই ধরনের দলের কাছ থেকে এসব আমরা আগেও দেখেছি।’চিরাচরিত জার্মান চরিত্রটা ফার্গুসন শুধু এখানেই দেখলেন। ৪১ মিনিটের মধ্যে ম্যাচ থেকে ছিটকে পড়ার পর আবার যেভাবে ফিরে এল তারা, এটাও তো চিরকেলে জার্মান চরিত্রের বড় এক উদাহরণ। প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে না পারলেও দ্বিতীয়ার্ধের প্রায় শুরু থেকেই ম্যানইউর রক্ষণে বারবার আছড়ে পড়েছেন রিবেরি-রোবেন-গোমেজরা। ৭০ মিনিটের দিকে গোমেজের হেড বারের ঠিক ওপর দিয়ে না গেলে কিংবা অলিচ ও রিবেরি সহজ গোলের সুযোগ মিস না করলে দু লেগে জয় নিয়েই সেমিফাইনালে যেতে পারত বায়ার্ন।ম্যানইউর স্বপ্নভাঙার শুরু আসলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ থেকে। বায়ার্নের কাছে ওই ম্যাচে ১-২ গোলে হারের পর ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির কাছে হেরেছে ফার্গুসনের দল। রাজসিক গতিতে এগিয়ে চলা ম্যানইউয়ের জন্য ওটা ছিল বড় রকমের একটা ছেদ। অমনটা আর চাননি বলেই এ ম্যাচে বড় এক বাজিই ধরেছিলেন ম্যানইউ কোচ। পুরো ফিট হয়ে ওঠার আগেই মাঠে নামিয়ে দিলেন ওয়েইন রুনিকে। রুনি মাঠে থাকা মানেই অন্য দলের ওপর বাড়তি চাপ, বায়ার্নকে সেই চাপেই ফেলতে চেয়েছিলেন ফার্গুসন। ফাটকাটা কাজেও লেগেছিল শুরুতে। ৪১ মিনিটে নানির দ্বিতীয় গোলটা এসেছে রুনির পাস থেকেই। তাঁকে পেয়েই উজ্জীবিত ম্যানইউ প্রথমার্ধটা ভালো খেলেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে পায়ে চোট পাওয়া রুনিকে তুলে নিয়ে জন ও’শেয়াকে নামাতে হয়। ম্যাচের শেষ কুড়ি-পঁচিশ মিনিট একচেটিয়া মাঠ দাপিয়ে বেড়িয়েছে বায়ার্নই। ২০০১ সালের পর আবার ফাইনাল খেলার সম্ভাবনা এখন চারবারের চ্যাম্পিয়নদের। গত সাত বছরের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কোনো ইংলিশ ক্লাব নেই। এএফপি।