বায়ার্নের হার আর ইব্রার ১০০
ভাগ্য কী দ্রুতই না বদলে যায়! যে বায়ার্ন মিউনিখ মৌসুমের শুরুতে সব প্রতিযোগিতা মিলিয়ে জিতেছিল টানা ১০টি ম্যাচ, সেই অপ্রতিরোধ্য বায়ার্নই হঠাৎ করে বিবর্ণ। গত পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে জার্মানির সফলতম ক্লাবটি। যার সর্বশেষটি গত পরশু পুঁচকে মেইনজের বিপক্ষে, ২-৩ গোলে। লিগে টানা দ্বিতীয় এই পরাজয়ে শীর্ষচ্যুত হয়ে বায়ার্ন এখন পয়েন্ট তালিকার তিনে। আগের দিন শালকে জিরো ফোরকে ২-০ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে উঠে গেছে সবার ওপরে। সমান পয়েন্টেও গোল ব্যবধানে দ্বিতীয় মনশেনগ্লাডবাখ।গত সপ্তাহেই ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরেছিল বায়ার্ন। এবার হারল মেইনজের মাঠে গিয়ে। মধ্য মাঠে অধিনায়ক বাস্তিয়ান শোয়েইনস্টাইগারের অভাবটা এদিনও ছিল প্রকট। এ মাসের শুরুতে শোয়েইনি চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়ার পরেই পথ হারানো শুরু বাভারিয়ান ক্লাবটির।গত চার ম্যাচে মেইনজ তৃতীয় জয় তুলে বেরিয়ে এসেছে অবনমন এলাকা থেকে। ১৮ দলের লিগে ১৩ নম্বরে থাকা দলটি প্রথমার্ধে এগিয়ে যায় আন্দ্রিয়াস ইভানশিটজের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে বায়ার্নকে সমতায় ফেরান ড্যানিয়েল ফন বাইটেন। এরপর মার্কো ক্যালিজিউরি ও নিকো বুনগার্টের গোলে ৩-১-এ এগিয়ে যায় স্বাগতিকেরা। অন্তিম মুহূর্তে আরেকটি গোল করে ব্যবধান কমান বাইটেন।এদিকে এসি মিলানকে জিতিয়েই সিরি ‘আ’তে নিজের শততম গোল উদ্যাপন করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এই সুইডিশ স্ট্রাইকারের ২ গোল ও দুই ব্রাজিলিয়ান থিয়াগো সিলভা ও পাতোর গোলে শিয়েভোকে ৪-০ ব্যবধানে হারায় এসি মিলান। চারটি গোলই আসে প্রথমার্ধে। এই জয়ে জুভেন্টাসকে (২৫) প্রায় ধরে ফেলেছে এসি মিলান (২৪)। পরশু সিয়েনাকে ১-০ গোলে হারিয়েও ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে পড়ে রয়েছে ইন্টার। এএফপি, রয়টার্স।