
ব্যবধান আকাশ-পাতাল। ঐতিহ্য আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে বায়ার্ন মিউনিখ এগিয়ে যোজন যোজন।
ফুটবলীয় সাধারণ জ্ঞান বলছে, এই বায়ার্নের সামনে দাঁড়িয়ে থাকা রাজা ক্যাসাব্লাঙ্কার আজ উড়ে যাওয়ার কথা। ঝড়ে যেমন উড়ে যায় খড়কুটো।
এসব তত্ত্বের কথা। কিন্তু ফুটবলে যে সব সময় তত্ত্ব খাটে না সেটা ক্যাসাব্লাঙ্কা সেমিফাইনালেই একবার দেখিয়েছে। স্বপ্ন দেখছে আজ আরও একবার করে দেখানোর। রোনালদিনহোর অ্যাটলেটিকো মিনেইরোকে হারাতে পারলে বায়ার্নকে কেন হারানো যাবে না!
একটা জয় এতটাই বদলে দিয়েছে মরক্কোর ক্লাবটির মানসিকতা। কতটা উদ্দীপ্ত ক্যাসাব্লাঙ্কা সেটা বোঝা যাবে দলের মিডফিল্ডার মহসিন লাজোরের কথা শুনলেই, ‘আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি। বায়ার্নের সঙ্গে আমরা শেষ বাঁশি পর্যন্ত সর্বস্ব দিয়ে লড়ব। আমরা হাল ছাড়ছি না। আমাদের মানসিক শক্তি এখন এতই বেশি।’
আর বায়ার্ন? জার্মানি থেকে মরক্কো উড়ে যাওয়ার আগে গার্দিওলার দল হয়তো মনে মনে প্রস্তুতি নিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো মিনেইরোর সঙ্গে ফাইনাল খেলার। কিন্তু নাটকীয় দ্বিতীয় সেমিফাইনালের পর প্রত্যাশিত প্রতিপক্ষের নামটা বদলে যাওয়ায় কিছুটা বিস্মিত বায়ার্নের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগেও, ‘আমার মনে হয়, এমনকি মরক্কোর কেউও আশা করেনি ক্যাসাব্লাঙ্কা ফাইনালে খেলবে। আমাদের কাছে তো এটা বিস্ময়ই। তবে ওরা বিশ্ব ফুটবলে অপরিচিত দল বলে আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না।’
ইউরোপ-শ্রেষ্ঠত্বের ট্রফিটা ওদের কাছে। এই মুহূর্তের ফর্ম বিবেচনায় নিলে হয়তো অনেকের কাছে জার্মান চ্যাম্পিয়নরাই বিশ্বসেরা। তবে পেপ গার্দিওলার দল কাগজে-কলমে সেই স্বীকৃতিটা পাবে ক্যাসাব্লাঙ্কাকে হারিয়ে শিরোপা জিতলেই। ইউরোপীয় পরাশক্তিদের মধ্যে মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও ইন্টারের সৌভাগ্য হয়েছে অন্তত একবার করে হলেও এই ট্রফি জেতার। কিন্তু পাঁচবারের ইউরোপ-সেরা হয়েও ক্লাব বিশ্বকাপ বায়ার্নের কাছে এখনো অধরা। চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা, জার্মান কাপ আর উয়েফা সুপার কাপের পর এ বছর পঞ্চম শিরোপার হাতছানি ওদের সামনে। ‘মিশন ফাইভে’র সামনে বাধা হয়ে দাঁড়ানো ক্যাসাব্লাঙ্কাকে তাই আবারও কোনো অঘটন ঘটানোর সুযোগ দিতে রাজি নন রুমেনিগে, ‘আমরা সবাই এই শিরোপাটা চাই। এটা জেতার জন্যই আমরা এখানে এসেছি।’ এএফপি।