বিউটিকে হারিয়ে দিলেন চুমকি
বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রধান প্রবেশপথের সামনে উঁকিঝুঁকি মারছিল কিছু দর্শক। ভেতরে কী চলছে সেটা দেখার জন্য সে কী চেষ্টা! কিন্তু স্টেডিয়াম প্রশাসন দুয়ার বন্ধ করে রাখায় ভেতরে ঢোকা তাদের হলো না। তবে ভেতরে ঢুকলে হতাশই হতে হতো। ওয়ালটন ১১তম জাতীয় সামার অ্যাথলেটিকস বরাবরের মতোই বিবর্ণ। অব্যবস্থাপনা আর দায়সারা আয়োজনের ছবিগুলো এবারও বদলায়নি।ইলেকট্রনিক স্কোর বোর্ড নেই, হ্যান্ড টাইমিংই ভরসা। গ্যালারিতে লোক নেই। খেলা থামিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হলো বিকেল ৪টা ৪৫ মিনিটে! ৩৮টি দলের মধ্যে মার্চ পাস্টে উপস্থিত ৩০টি দল। কোনো জাতীয় রেকর্ড হয়নি সামার অ্যাথলেটিকসের প্রথম দিনে। তবে উল্লেখ করার মতো ঘটনা একটাই—২০০ মিটার স্প্রিন্টে টানা আট বছরের রাজত্ব হাতছাড়া হয়েছে বিজেএমসির নাজমুন নাহার বিউটির। তাঁকে হারিয়ে সোনা জিতেছেন আনসারের শামসুন্নাহার চুমকি। অনুশীলনের বাইরে থাকা সজীব হোসেন অনুমিতভাবে সোনা জিতলেও হতাশাজনক ফল করেছেন, লাফিয়েছেন ২ মিটার। অথচ গত বছর জাতীয় রেকর্ড করেছিলেন (২.১১ মিটার)। গত এপ্রিলের জাতীয় চ্যাম্পিয়নশিপে ১.৯৫ মিটার লাফিয়ে সোনাজয়ী পারফরম্যান্সের সঙ্গে তুলনা করলে উন্নতি বলা যায়। কিন্তু এই প্রতিভাবান অ্যাথলেটের তো ফেডারেশনের পরিচর্যায় যাওয়ার কথা ছিল আরও ওপরে! সজীবকে নিয়ে চলছে দুটি দলের মধ্যে টানাটানি। তিনি বর্তমানে নৌবাহিনীর চাকরিজীবী। বিজেএমসির কর্মকর্তাদের দাবি, সজীব তাদের কাছ থেকে ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে নৌবাহিনীতে খেলছেন। তবে সজীবের কথা, ‘আমি এখন নৌবাহিনীর সদস্য।’ জ্যাভলিন থ্রোতে শিরোপা ফিরে পেয়েছেন বিজেএমসির হাজেরা আক্তার। সেই ২০০২ সাল থেকে টানা সোনাজয়ী হাজেরা গত বছর পদক খোয়ান হোসনা আক্তারের কাছে। এবার অনুশীলনে কুঁচকিতে চোট পাওয়ায় মাঠেই নামতে পারেননি হোসনা।২০০ মিটার স্প্রিন্টে চুমকির কাছে স্পষ্ট ব্যবধানে হেরেছেন বিউটি। কিন্তু হেরেও হতাশ নন, ‘এবার অনুশীলনই করতে পারিনি। পরীক্ষা নিয়েই ব্যস্ত ছিলাম।’ চুমকি কিন্তু উচ্ছ্বসিত। আজ ১০০ মিটারেও একই ফলের প্রত্যাশা তাঁর। ছয় বছরের মেয়ে সামিয়া হোসেন রিচিকে নানির কাছে রেখে নিয়মিত অনুশীলন করেছেন খুলনায়। এই সাফল্যে সবচেয়ে বড় কৃতিত্ব দিলেন কোচ জয়নাল আবেদিনকে।গত বছর থেকে তিন দিনের সামার অ্যাথলেটিকস শেষ করা হচ্ছে দুই দিনে। এই নিয়ে অ্যাথলেটরা ক্ষুব্ধ। দেশের বর্তমান দ্রুততম মানব মোহন খান জানালেন, ‘মাত্র ১৮ দিন অনুশীলন করেছি। এরপর দুই দিনে এভাবে সব ইভেন্ট শেষ করতে গেলে প্রচণ্ড চাপ পড়ে আমাদের ওপর। অনেক সময় ইনজুরিতেও পড়তে পারি।’দিন শেষে ৩টি সোনা, ৪টি রুপা ও ৩টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে বিজেএমসি।