বিউটির এসএ গেমস শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেএসপি থেকে কাল ফোনে যখন কথা বলছিলেন, স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর মনে হতাশার পাহাড় জমেছে। দেশের মাটিতে এসএ গেমস, অথচ খেলতে পারবেন না। নাজমুন নাহার বিউটির কাছে এর চেয়ে বড় দুঃসংবাদ আর কিছু নেই।টানা চারবার ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে তিনি দেশসেরা। সামনে এসএ গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে অনেক দিন ধরে নিজেকে তৈরি করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ঘাতক ইনজুরির কাছে পরাজিত নোয়াখালীর মেয়ে। মালয়েশিয়ায় উচ্চতর প্রশিক্ষণ নিতে গিয়ে গত ১০ অক্টোবর অংশ নেন সে দেশের একটা প্রতিযোগিতায়। হ্যামস্ট্রিংয়ে টান পড়ে। এর পর দেশে ফিরে অনুশীলন চালিয়ে গেলেও এসএ গেমসের জন্য দল বাছাইয়ের প্রথম ট্রায়ালে অংশ নেননি। পরশু চূড়ান্ত ট্রায়ালে ১০০ মিটার দৌড়ে নেমেছিলেন, অর্ধেকটা পেরিয়েই ব্যথা অনুভব করায় আর দৌড়াননি। আর ২০০ মিটারের ট্রায়ালেই নামেননি।তখনই তিনি বুঝে যান, তাঁর এসএ গেমসই শেষ হয়ে গেছে। ‘আমার পক্ষে এসএ গেমসে খেলা সম্ভব নয়। আমি চেষ্টা করেছি। কিন্তু পারলাম না। ওই দৌড় শেষেই সিদ্ধান্তে পৌঁছে যাই, এসএ গেমসে আমি খেলতে পারব না’—বিউটি জানিয়ে দেন নিজের হতাশাও, ‘দুর্ভাগ্য আমার। খেলতে পারব না মনে করলেই মনটা বিষণ্ন হয়ে যায়।’গত দুটি দক্ষিণ এশীয় গেমসে খেলেছেন। ২০০৪ ইসলামাবাদ গেমসে ৪০০ মিটারে জিতেছেন ব্রোঞ্জ। ছিলেন রিলের ব্রোঞ্জজয়ী দলের সদস্যও। গতবার কলম্বো থেকে অবশ্য ফিরেছেন শূন্য হাতে। এবার ভালো কিছু করার আত্মবিশাস ছিল বলে জানাচ্ছেন বিউটি, ‘এবার আমার টাইমিং ভালো ছিল। গেমসে ভালো কিছু করতে পারতাম।’ পরশু ট্রায়াল শেষ করতে না পরায় কোচ-কর্মকর্তারাও বুঝে যান, বিউটির পক্ষে গেমসে খেলা সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কোচ জানাচ্ছেন, ‘ট্রায়ালে সে ৮০ মিটারের পর আর দৌড়ায়নি। তাকে বাদ দিয়েই টিম করার চিন্তা করছিলাম আমরা। সে না খেললে তেমন সমস্যা হবে বলে মনে করি না।’ জানা গেছে, বিউটি এবং লং জাম্পার আল আমিনকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে নিজেদের ফিট প্রমাণ করার জন্য। আল আমিন অবশ্য গেমসে খেলার জন্য মরিয়া এবং তিনি সোনা জিততে চান। সোনা-রুপা না হোক, ফিট থাকলে হয়তো পদক জয়ের কথা বলতেন বিউটিও! এখন ১০০ ও ২০০ মিটারে শামসুন্নাহার চুমকি, ইভাদের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ দল।