বিউটির ‘ট্রেবল’, শ্রেষ্ঠত্ব সেনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ব্যাটনটা নিয়ে সেনাবাহিনীর খলিলুর রহমান অনেকখানি এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পারলেন না। কয়েক বছর ধরে টানা জিততে থাকা ৪–৪০০ মিটার রিলের সোনা হাতছাড়া হলো বলে খুবই আক্ষেপ করতে লাগলেন কোচ কিতাব আলী। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সবুজ মাঠে শুয়ে হাঁপাতে থাকা খলিলকে বেশ কয়েকবার ধমকও দিলেন। তবে দিনশেষে ওয়ালটন ৩৬তম জাতীয় অ্যাথলেটিকসের শেষ হাসিটা হাসল সেনাবাহিনীই। ১৪টি সোনা, ১২টি রুপা ও ৯টি ব্রোঞ্জ জিতে বরাবরের মতোই চ্যাম্পিয়ন হলো তারা। ৭টি সোনা, ৫টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জেতা বাংলাদেশ আনসার রানার্সআপ। তৃতীয় হওয়া বিজেএমসি সোনা জিতেছে ৬টি, রুপা ১৩টি ও ব্রোঞ্জ ৯টি।আগের দিন দ্রুততম মানবীর খেতাব ফিরে পাওয়া নাজমুন নাহার বিউটি কালও ছিলেন দারুণ ছন্দে। ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন ২৪.৮১ সেকেন্ড সময় নিয়ে। জিতেছেন ৪০০ মিটারেও। সেখানে সময় নেন ৫৭.২৫ সেকেন্ড। ছেলেদের ২০০ মিটারের সোনার পদক উঠেছে সেনাবাহিনীর খলিলুর রহমানের গলায়। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি চারটি সোনা জিতেছেন আনসারের রওশন আরা পুতুল। ৮০০ মিটার, ৩০০০ মিটার ও ১৫০০ মিটারে সোনা জেতার পর ৪–৪০০ মিটার রিলের সোনা জেতায়ও ছিল তাঁর অবদান। প্রথম তিনটি ইভেন্টে ২০০৫ সাল থেকে টানা সোনা জিতে চলেছেন খুলনার মেয়েটি। দীর্ঘ লাফে নৌবাহিনীর আল-আমিনের আধিপত্য খর্ব করতে পারেননি কেউ। ৭.৩০ মিটার লাফিয়ে সোনা জিতেছেন নৌবাহিনীর জাম্পার।পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পোস্টারে ছাওয়া স্টেডিয়াম গ্যালারিতে বাইরের চাকচিক্যই ছিল চোখে পড়ার মতো। কিন্তু দর্শকের অভাবে খাঁ খাঁ করছিল গ্যালারি। রওশন আরা পুতুল কাল আক্ষেপ করে বললেন, ‘এমন দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে ভালো লাগে না আমাদের। প্রথম যেবার খেলতে আসি মিরপুরে ২০০২-এ, প্রচুর দর্শক দেখে ভয়ই পেয়েছিলাম। নার্ভাস লাগছিল। উত্তেজনাও ছিল। কিন্তু এখন সেসবের কিছুই হয় না।’ প্রচণ্ড গরমে অস্বস্তিও ছিল অ্যাথলেটদের মাঝে। অসুস্থ হয়ে ৪০০ মিটার দৌড়ের সময় নৌবাহিনীর তুহিন ট্র্যাকেই পড়ে যান। পরে অনেক সেবা-শুশ্রূষা করে সুস্থ করা হয় তাঁকে। ছেঁড়া-খোঁড়া ট্র্যাক, হ্যান্ড টাইমিং আর প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা—এত সব হতাশা নিয়েই অ্যাথলেটরা শেষ করলেন মার্চ পাস্ট। সোনায় মোড়ানো নয়, তবু ‘সোনা’র পদক নিয়ে সন্তুষ্ট থাকল। বছরে একবার দায়সারা এই প্রতিযোগিতার পর আবারও হয়তো ঘুমিয়ে পড়বে ফেডারেশন।