বিএসপিএর হকি কর্মশালা
হকিতে কেন অফসাইড নেই? ফুটবলে দুটি কার্ড দেখানোর রেওয়াজ থাকলেও হকিতে কেন হলুদ, সবুজ আর লাল কার্ড? পেনাল্টি শুটআউটের সময় কেন মাত্র ৮ সেকেন্ড বরাদ্দ? হকি মাঠের আয়তন কত, কয় ভাগে খেলা হয়, স্টিকের উচ্চতা কতটুকু—এমন অনেক প্রশ্ন নিয়েই কাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে উপস্থিত হয়েছিলেন ক্রীড়াসাংবাদিকেরা।
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির (বিএসপিএ) উদ্যোগে ক্রীড়া সাংবাদিকদের হকিবিষয়ক কর্মশালায় এসব প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক খেলোয়াড় ও হকি ফেডারেশনের সহসভাপতি খাজা রহমতউল্লাহ, কোচ মাহবুব হারুন, মামুনুর রশীদ, আম্পায়ার সেলিম লাকি। কর্মশালার পৃষ্ঠপোষকতা করেছে দ্য ব্লেজার বিডি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ক্রীড়ালেখক সমিতির সাধারণ সম্পাদক রেজওয়ানুজ্জামান রাজীব। অনুষ্ঠান শেষে আলোচকদের হাতে ক্রেস্ট তুলে দেন সমিতির সভাপতি মোস্তফা মামুন।