বিওএ মহাসচিবের বোধোদয়!
‘৪৩ বছর ধরে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। অভিজ্ঞতা অর্জনের দিন শেষ। এখন ফল পেতে হবে।’
এই উপলব্ধি সৈয়দ শাহেদ রেজার। ১৫ আগস্ট চীনের নানজিংগামী দ্বিতীয় সামার যুব অলিম্পিক গেমসগামী বাংলাদেশ দলের প্রেস ব্রিফিংয়ে কাল কথাটা বললেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব।
কিন্তু প্রশ্ন হলো, কাঁচিটা কী শুধু খেলোয়াড়দের ওপরই চালানো হবে? নাকি নানা পদবি নিয়ে বিদেশে বিলাসভ্রমণে যাওয়া অপ্রয়োজনীয় কর্মকর্তারাও সেই দলে পড়বেন?
গত মাসে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে অভিজ্ঞতা অর্জনের নামে অপ্রয়োজনে অনেক দল পাঠানো হয়। ১০টি খেলায় খেলোয়াড় ছিলেন ৩০ জন। ৬৫ সদস্যের দলে ২৪ জনই ছিলেন ‘অতিথি’ কর্মকর্তা, বিভিন্ন পদবি তৈরি করে তাঁদের বেশির ভাগই গেলেন। এটা ভ্রমণবিলাস ছাড়া আর কিছু নয়। তবে শাহেদ রেজা ভ্রমণবিলাস শব্দটা মানছেন না, ‘অনেক কর্মকর্তার নামে আমন্ত্রণ থাকে, দলের সঙ্গে যেতে হয়। কাজেই অপ্রয়োজনে কেউ যায় এটা বলা যাবে না।’
আগামী মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসেও অপ্রয়োজনীয় লোক পাঠানোর তৎপরতা চলছে! এশিয়াডে ২১টি খেলায় ২২২ জনের একটা অফিশিয়াল তালিকা তৈরি হয়েছে, সেখানে কারা আছেন তা এখনো প্রকাশ করা হয়নি। নানা সূত্রের খবর, সুযোগসন্ধানীরা আরেকটি ভ্রমণবিলাসে মেতে ওঠার অপেক্ষায়। নানাভাবে চেষ্টা করে দলে ঢোকার চেষ্টা করে যাচ্ছেন অনেকেই।
মোটকথা, বিওএতে এখন ভ্রমণের উৎসব চলছে বলে অনেকের মুখে রসিকতা শোনা যাচ্ছে। সরকারি টাকায় ভ্রমণবিলাস আগেও ছিল, এখন আরও বেড়েছে! কিন্তু ফল কোথায়? কমনওয়েলথ গেমসে দুই কোটি টাকা খরচ করে এল একটা মাত্র রুপার পদক। ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেছেন শ্যুটার আবদুল্লাহেল বাকি। ৩০ জন খেলোয়াড়ের মধ্যে দু-চারজন নিজেদের সেরা পারফরম্যান্স করলেও বাকিরা ভ্রমণের আনন্দই বেশি উপভোগ করেছেন স্কটল্যান্ড গিয়ে।
সত্যিকারের সম্ভাবনাময় খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের জন্য বিদেশে খেলতে যাওয়া দোষের কিছু নয়। তবে তদবিরের ফসল হিসেবে এমন সব ইভেন্টে প্রতিযোগী পাঠানো হচ্ছে, যাঁদের কাছে বিদেশভ্রমণই আসল।
এমন অবস্থায় বিওএ মহাসচিবের ‘আর অভিজ্ঞতা অর্জন নয়, এবার ফল চাই’ উক্তিটা তাৎপর্যপূর্ণই। এশিয়ান গেমসের দলে কি এ কথার প্রতিফলন থাকবে? দুপুরে প্রেস ব্রিফিংয়ের পর সন্ধ্যায় ফোনে বললেন, ‘এশিয়াডের দল ছোট করার চেষ্টা হচ্ছে। আমি একা করতে পারব না। সবাই মিলে বসতে হবে।’ কর্মকর্তার বহর কমানোর ব্যাপারে তাঁর কথা, ‘বিষয়টা আমি দেখছি।’
১৫ আগস্ট নানজিংগামী দলে পাঁচটি খেলায় ১৩ জন খেলোয়াড়ের সঙ্গে কর্মকর্তা-কোচ ১০ জন। অনূর্ধ্ব-১৮ এই প্রতিযোগিতায় ফাইভ-এ-সাইড হকির জন্য নয়জন খেলোয়াড়। সাঁতার, আরচারিতে একজন করে ছেলে, ভারোত্তোলন ও শ্যুটিংয়ে একজন করে মেয়ে খেলোয়াড় পাঠানো হচ্ছে। ১৬-২৮ আগস্ট দ্বিতীয় সামার যুব অলিম্পিক গেমস বাংলাদেশের জন্য বরাবরের মতো অভিজ্ঞতা অর্জনের মঞ্চই। বিওএ মহাসচিব যদিও বললেন, ‘আরচারি ও শ্যুটিংয়ে ভালো ফল আশা করি।’