বিওএকে আইওসির গাড়ি উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) একদিকে উপহার পাচ্ছে আবার নিজেরা উপহার দিচ্ছেও। শিগগির আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছ থেকে একটি কোস্টার বা মিনিবাস উপহার পাবে বিওএ। আর বিওএ জাপানকে অনুদান দিচ্ছে ১০ হাজার ডলার। সুনামি ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের প্রতি এটা বিওএর শুভেচ্ছা উপহার। বিওএর সিইও কর্নেল (অব.) ওয়ালীউল্লাহ কাল জানিয়েছেন, আইওসি প্রতিবছরই বিভিন্ন দেশকে গাড়ি উপহার দেয়। সাধারণত কার অথবা জিপ দেওয়া হয়। এবার তা পাচ্ছে বাংলাদেশ এবং বিওএ চেয়েছে একটি কোস্টার অথবা মিনিবাস। আইওসি বাংলাদেশের আবেদন মঞ্জুর করেছে। গাড়িটি নাকি মার্সিডিস বেঞ্জ। ব্রাজিল থেকে শিগগিরই কোস্টার অথবা মিনিবাসটির শিপমেন্ট হবে। সাম্প্রতিক ভূমিকম্প ও সুনামিতে ক্রীড়া অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে জাপানে। এগুলো পুনর্নির্মাণের জন্য অবশ্য অন্যের সাহায্যের প্রয়োজন নেই জাপানের। তার পরও দুই অলিম্পিক অ্যাসোসিয়েশনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো করতেই বিওএর ওই উপহার। শুধু তা-ই নয়, ‘জাপানে ভূমিকম্প ও সুনামি এবং আমাদের অনুভুতি’ শিরোনামে ঢাকায় একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করেছে বিওএ। এটির পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেল কাল। প্রধান অতিথি ছিলেন বিওএ মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ।