বিওএকে চেঙ্গিসের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাথলেটদের পুনে-অভিজ্ঞতায় বেশ বিব্রত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কোনো রকম প্রস্তুতি ছাড়াই জুলাইয়ের প্রথম সপ্তাহে পুনেতে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে খেলে এসেছেন বাংলাদেশের পাঁচ অ্যাথলেট। সেখানে হিটেই বাদ পড়েন সবাই। আবারও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বাইরে যাচ্ছেন দেশের দ্রুততম মানব মেসবাহ উদ্দিন, জাতীয় জুনিয়রে ১০০ মিটারে চ্যাম্পিয়ন আইরিন আক্তার ও ২০০ মিটারে সোনাজয়ী আশিক কুমার হালদার। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ৪ আগস্ট মস্কো যাবেন মেসবাহ উদ্দিন। আর ১৬-২৪ আগস্ট নানজিংয়ে যুব এশিয়ান গেমসে অংশ নেবেন আইরিন ও আশিক। কিন্তু অ্যাথলেটদের অনুশীলনের মান নিয়ে মোটেও সন্তুষ্ট নয় বিওএ কর্মকর্তারা। এভাবে প্রস্তুতি ছাড়াই বারবার আন্তর্জাতিক টুর্নামেন্টে দল পাঠাতে অনাগ্রহী বিওএ। এমনকি ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অ্যাথলেটদের আর না-ও পাঠানো হতে পারে!বিওএর ট্রেনিং কমিটির চেয়ারম্যান উইং কমান্ডার রফিকুল ইসলামের বক্তব্যে পাওয়া গেল এমন আভাস, ‘আমরা অ্যাথলেটিকস ফেডারেশনের ওপর খুব ক্ষুব্ধ। বিব্রতকর অবস্থায় পড়ে গেছি আমরা। কোনো ট্রেনিং ছাড়াই বাধ্য হয়ে বারবার অ্যাথলেটদের পাঠাতে হচ্ছে। যেহেতু যুব এশিয়ান গেমসের জন্য অনেক আগে অ্যাথলেটদের নাম পাঠিয়ে দিয়েছি, তাই ওদের নাম প্রত্যাহার করা সম্ভব না। কিন্তু প্রস্তুতি ছাড়া এভাবে গিয়ে কী লাভ? ভবিষ্যতে কোথাও অ্যাথলেটিকস দল পাঠাব কি না সেটা আবারও বিবেচনা করতে হবে আমাদের।’ বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ২২-২৩ জুলাইয়ের মধ্যে ঢাকায় আসবেন। তিনি এলে বিওএর পরবর্তী সভায় বিষয়টা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম।এশিয়ান গেমসের বাজে পারফরম্যান্সের কারণ জানতে চেয়ে এরই মধ্যে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসকে চিঠি দিয়েছে বিওএ। কিন্তু কোনো জবাব দেননি ইব্রাহিম চেঙ্গিস। তবে বিওএর সিদ্ধান্তকে কাল চ্যালেঞ্জ করে চেঙ্গিস বললেন, ‘অলিম্পিক যদি মনে করে কোথাও দল পাঠাবে না তাহলে তারা না-ও পাঠাতে পারে। তারা যদি ক্ষমতার অপব্যবহার করতে চায় করবে। আমি নিজেও অলিম্পিকের সদস্য, আমি বিষয়টি দেখব।’অনুশীলনের মান নিয়ে যে প্রশ্ন উঠেছে সে ব্যাপারে চেঙ্গিসের ব্যাখ্যা, ‘রফিক ভাই যেদিন বিকেএসপি গিয়েছিলেন সেদিন ট্রেনিং শেষ। সন্ধ্যার সময় গিয়ে কাউকে পাননি। এ কারণে হয়তো তিনি বলছেন ট্রেনিং ভালো হচ্ছে না। তবে বিকেএসপির কোচ মতি ও নাজনীনের অধীনে ১৫ জুন থেকে খুব ভালো প্র্যাকটিস হচ্ছে।’ ফেডারেশনের বেশির ভাগ সিদ্ধান্ত তিনি একাই নিয়ে থাকেন কি না, এমন অভিযোগে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদকের কথা, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা সঠিক নয়। আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিই না। ফেডারেশনের পাঁচ সদস্যবিশিষ্ট একটা স্টিয়ারিং কমিটি আছে। সবার সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সভাপতির অনুমোদন নেওয়া হয়।’