বিওএকে সরকারের হতাশা ‘উপহার’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে দল পাঠানো, প্রশিক্ষণ ক্যাম্প—এসব অত্যাবশ্যকীয় আয়োজনের খরচ মেটাতে সরকারের দিকেই তাকিয়ে থাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সরকার টাকা না দিলে কার্যত কিছুই করার থাকে না। এবারও সেটাই হচ্ছে। গত জুনে সরকারের কাছে ৬৮ কোটি টাকা চেয়ে আজও পায়নি বিওএ।শিগগিরই তা পাওয়ার আশাও নাকি নেই। বিওএর সিইও কর্নেল (অব.) ওয়ালী উল্লাহ সেই খবর দিয়ে কাল জানালেন, ‘আমরা তো গত ২০ জুন সরকারের কাছে টাকা চাওয়ার পর এত দিন অপেক্ষায় ছিলাম। কিন্ত এখন জানতে পেরেছি, সরকার আপাতত টাকা দিতে পারবে না। তবে কিছুদিনের মধ্যে টাকা দেওয়ার চেষ্টা সরকার করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।’ ২০১১-১২ অর্থবছরের জন্য চাওয়া হয়েছিল ওই ৬৮ কোটি টাকা। আগামী বছরের শুরুর দিকে দিল্লিতে এসএ গেমস সামনে রেখে আরও আগেই প্রশিক্ষণ ক্যাম্প শুরুর চিন্তা ছিল বিওএর। এত দিন বসে থাকার পর এখনো টাকা না পেয়ে বিওএ নিজস্ব উদ্যোগে শ্যুটিং, আর্চারি, অ্যাথলেটিকস, সাঁতারের অনুশীলন শুরু করেছে। গত এসএ গেমসে বেঁচে যাওয়া আট কোটি টাকা সরকারকে ফেরত দিয়েছিল বিওএ। কর্নেল ওয়ালীর দাবি, ‘মাননীয় প্রধানমন্ত্রী ওই টাকা বিওএকে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু টাকাটা আজও না পাওয়ায় আমরা একটা বড় আয়োজন করতে পারছি না।’কর্নেল ওয়ালী জানাচ্ছেন, ‘সরকার ওই আট কোটি টাকা দিলে বাংলাদেশ গেমসটা করতে চাই। বাংলাদেশ গেমস সর্বশেষ হয়েছে ২০০২ সালে। এখন এটি আয়োজন শুধু সময়ের দাবি নয়, এই গেমস মাঠে ফিরিয়ে আনা খুবই দরকার।’টাকার অভাবে বন্ধ হয়ে আছে ইন্দো-বাংলা গেমসও। আগামী মার্চে এই গেমস আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ওয়ালীর কাছে এখানেও সমস্যার নাম টাকা, ‘ইন্দো-বাংলা গেমসটা আয়োজনও জরুরি হয়ে পড়েছে। কিন্তু কীভাবে করব, টাকা কোথায়? আমরা হন্যে হয়ে স্পনসর খুঁজছি। স্পনসর পাওয়া গেলে মার্চে হতে পারে। নইলে বছরের শেষ দিকে।’