কমনওয়েলথ গেমসের বাজে ফলের পর এশিয়ান গেমসের দল ছোট করা হবে—এমন আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু বাস্তবে আরও বড় চমকই দিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কমনওয়েলথ গেমসে যাওয়া ১০টি দলের মধ্যে একমাত্র পদক পাওয়া শ্যুটিং ছাড়া বাকি ৯টি খেলাই এশিয়াড থেকে বাদ!
বিওএর নির্বাহী কমিটি কাল জরুরি সভায় বসে এ সিদ্ধান্ত নিয়েছে, যে সভায় ছিলেন না বিওএর সভাপতি সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া। গত পরশু তাঁর সঙ্গে দেখা করেন বিওএর শীর্ষ কর্মকর্তারা। তখনই তিনি কমনওয়েলথ গেমসের ফল নিয়ে হতাশা প্রকাশ করেন এবং এশিয়াডের দল ছোট করতে পরামর্শ দেন সংশ্লিষ্ট ব্যক্তিদের। সেই আলোকে কালকের কঠোর সিদ্ধান্ত।
গত মাসে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৬৯ সদস্যের বাংলাদেশ দলে অতিথি কর্মকর্তা ছিলেন ২৪ জন! এত বেশি ‘অতিথি’ কেন, প্রশ্ন ওঠার পর প্রথম কাঁচিটা চালানো হলো ক্রীড়াবিদদের ওপর। কিন্তু গেমস এলে বিওএর কর্তাদের দলবেঁধে ভ্রমণবিলাস বন্ধ করা হবে কি? বিওএ মহাসচিব শাহেদ রেজার উত্তর, ‘এশিয়াডের দলে কর্মকর্তাও কমানো হবে। ওটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে।’
‘অভিজ্ঞতা অর্জনের জন্য আর গেমসে যাওয়া নয়, এবার ফল চাই’—দুদিন আগে এমন কঠিন অবস্থান জানিয়ে দিয়েছিলেন বিওএ মহাসচিব। কিন্তু কবে তাঁর এই বোধোদয় হলো? কাল বললেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই।’ তাহলে কমনওয়েলথ গেমসে বিওএর এত অপ্রয়োজনীয় লোক কেন গেল? এবার উত্তর, ‘ওটা আগেই ঠিক করা ছিল।’ তিনি যা-ই বলুন, কমনওয়েলথ গেমসে কর্মকর্তাদের বিশাল বহরের সমালোচনা হওয়ায় টনক নড়েছে বিওএর।
তারই ফল হিসেবে কমনওয়েলথে যাওয়া অ্যাথলেটিকস, সাইক্লিং, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি, বক্সিং, জিমন্যাসটিকস, টিটি ও ব্যাডমিন্টন বাদ দেওয়া হয়েছে এশিয়াড থেকে। এ নিয়ে বিওএ মহাসচিবের ব্যাখ্যা, ‘কমনওয়েলথে এই খেলাগুলোর পারফরম্যান্স নেই, তাই বাদ। ÷শ্যুটিং পারফর্ম করায় ওদের এশিয়াডে রেখেছি।’
পারফরম্যান্সই মানদণ্ড হলে এশিয়াডের দল নির্বাচনও প্রশ্নবিদ্ধ। এই দলে ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডির সঙ্গে আছে আরচারি, ফেন্সিং, গলফ, কারাতে, শ্যুটিং, তায়কোয়ান্দো, বিচ ভলিবল ও উশু! ১২টি খেলায় খেলোয়াড়-কর্মকর্তা-কোচ ১৬৪ জন (আগে কথা ছিল, ২১টি খেলায় পাঠানো হবে ২২২ জনের বহর)। ক্রিকেট ও কাবাডি ছাড়া আর কোনো খেলায় এশিয়াডে পদকের সম্ভাবনা নেই। তার পরও কেন এত দল? শাহেদ রেজার জবাব, ‘এই দলগুলো কমনওয়েলথে যায়নি, পরীক্ষা দেয়নি। এশিয়াডে গিয়ে পরীক্ষা দিক, খারাপ করলে ভবিষ্যতে আর পাঠানো হবে না।’
সম্ভাবনা নেই জেনেও ‘পরীক্ষা দেয়নি’ অজুহাতে সুযোগ দেওয়া হলো কয়েকটা দলকে। অথচ গেমসের প্রাণ সাঁতার, অ্যাথলেটিকস বাদ! যতই খারাপ হোক, অ্যাথলেটিকস, সাঁতারে এক-দুজন পাঠানো যেত বলছেন অনেকে। কিছুই করতে পারবে না জেনেও তো অনেক দল পাঠানো হচ্ছে এশিয়াডে!
যদিও শাহেদ রেজার যুক্তি, ‘অ্যাথলেটিকস, সাঁতারসহ অন্য দলগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্তে বিরোধিতা কেউ করেনি। সবাই মেনে নিয়েছে।’ আসলে বিওএ এখানে ভারসাম্য রেখেছে, যারা কমনওয়েলথে যায়নি, তাদের সুযোগ দেওয়া হয়েছে এশিয়াডে, হিসাবটা খুবই সহজ।
বিওএর সিদ্ধান্ত তাই বিতর্কমুক্ত নয়। এটা বরং ক্রীড়াবিদদের হতাশাই বাড়িয়েছে।