বিওএর দ্বিতীয় বলি সাঁতার
২০১০ সালে নাজমা আক্তারকে জোর করেই এসএ গেমস ও এশিয়ান গেমসের ক্যাম্পে ঢুকিয়েছিলেন সাঁতার কোচ আমিরুল ইসলাম। এসএ গেমসের পরের বয়সভিত্তিক সাঁতারে সেবার ইতিহাস গড়েছিলেন নাজমা। ১১টি ইভেন্টে ১১টি সোনা জিতেছিলেন টানা অনুশীলনের কল্যাণেই।
এরপর আর দীর্ঘমেয়াদি আবাসিক ক্যাম্প করেনি ফেডারেশন। এবার সুযোগটা করে দিয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। আগামী বছর অনুষ্ঠেয় কমনওয়েলথ ও এশিয়ান গেমসের জন্য বিওএর চাওয়ামতো বাংলাদেশ গেমসে রেকর্ডসহ ৭টি সোনাজয়ী মাহফিজুর রহমান (সাগর), এসএ গেমসে সোনাজয়ী শাজাহান আলী (রনি), রুপাজয়ী মাহফুজা খাতুন (শিলা) ও নাজমা আক্তারের নাম পাঠায় ফেডারেশন।
শ্যুটিং, আর্চারি, বক্সিং, তায়কোয়ান্দোর ২২ অ্যাথলেটের সঙ্গে ক্যান্টনমেন্টে নিবিড় অনুশীলনের সুযোগ পেয়ে সাঁতারুরাও ছিলেন খুশি। কিন্তু হঠাৎ করেই বিওএ নাম কেটে দিল সাঁতারুদের। অ্যাথলেটদের পর বিওএর দ্বিতীয় ‘বলি’।
সাঁতারুদের বাদ দেওয়ার পক্ষে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজার যুক্তি, ‘আমরা আসলে কাউকেই প্রশিক্ষণ থেকে বাদ দিচ্ছি না। আমাদের এই প্রশিক্ষণ শুধুই কমনওয়েলথ ও এশিয়ান গেমসের জন্য। বর্তমানে সাঁতারুদের ব্যক্তিগত রেকর্ড এশিয়ান বা কমনওয়েলথ গেমসের মানের ধারেকাছেও নেই। এদের প্রশিক্ষণ দিয়ে কোনো লাভ হবে না।’ পরে অবশ্য যোগ করলেন, ‘এর অর্থ এই না যে ওদের আমরা তালিকা থেকেই বাদ দিয়েছি। ওরা প্রশিক্ষণ নেবে ফেডারেশনের অধীনে।’
প্রশ্ন হচ্ছে, অন্য ফেডারেশনের অ্যাথলেটরা কি এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে পদক জিতবেন? সম্প্রতি তৃতীয় ইসলামিক সলিডারিটি গেমসে রুপা জিতেছেন আর্চার ইমদাদুল হক মিলন। শ্যুটিংয়ে আন্তর্জাতিক সাফল্য ক্রমেই নিম্নমুখী। শ্যুটিংয়ের শেষ আন্তর্জাতিক সাফল্য দিল্লিতে কমনওয়েলথ শ্যুটিংয়ে। তিন বছর আগে ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ও দলগত সোনা জিতেছিলেন বাংলাদেশের শ্যুটাররা। বক্সিং তো ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করে না বললেই চলে। আন্তর্জাতিক সাফল্যও দুই বছর আগের এসএ গেমসে দুটি সোনা। তায়কোয়ান্দোর অবস্থাও তথৈবচ। এসএ গেমসে ২ সোনা, ১ ব্রোঞ্জের পর ইসলামিক সলিডারিটি গেমসে ১ ব্রোঞ্জ।
প্রশিক্ষণ শিবির থেকে বাদ পড়ে সাঁতারুরা হতাশ, ব্যথিত। ক্ষুব্ধ ফেডারেশন সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন, ‘আমাদের সঙ্গে এমন বিমাতাসুলভ আচরণ কেন বুঝলাম না।’