বিওএর সম্ভাব্য নতুন মহাসচিব ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন ২৯ নভেম্বর। তবে ভোটাভুটি হবে কি না, নিশ্চিত নয়। একটি একক পরিষদ দাঁড় করানোর চেষ্টা চলছে নানা মহলে। এর মধ্যে মহাসচিব পদে মনোনয়নপত্র তুলছেন একজন—কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা। এর আগে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি। সরকারের ইচ্ছানুযায়ীই এই পদে শাহেদ রেজা নির্বাচন করছেন বলে জানা গেছে। আজ মনোয়নপত্র তোলার শেষ দিনেও আর কেউ মহাসচিব পদে মনোনয়নপত্র তুলবেন বলে কোনো আভাস পাওয়া যায়নি। উল্লেখ্য, বর্তমান মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ এবার নির্বাচনে প্রার্থী না হওয়ার কথা জানিয়েছেন আগেই। তাই মহাসচিব পদে এখন পর্যন্ত একজন মাত্র প্রার্থী থাকায় গতবারের মতো এই পদে এবার নির্বাচন জমছে না। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাতিল না হলে শাহেদ রেজাই বিওএর নতুন মহাসচিব হচ্ছেন, এটা একরকম নিশ্চিত। নির্বাচন উপলক্ষে কুয়েত থেকে তিনি ঢাকায় এসেছেন গত পরশু। মনোনয়নপত্র জমা ২১ নভেম্বর। বিওএর নির্বাচন নিয়ে কাল শাহেদ রেজার সঙ্গে যোগাযোগ করলে ব্যস্ততার কারণে কথা বলতে পারেননি। শুধু এটুকু বলেছেন, একটা লক্ষ্য নিয়ে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব নিয়ে দুই-এক দিন পর বিস্তারিত বলবেন।এদিকে এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একটি প্রতিনিধিদল আসছে।