বিওএর সিদ্ধান্তে ভারোত্তোলকদের কান্না
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাজ খেলোয়াড়দের খেলার সুযোগ করে দেওয়া। কিন্তু সুযোগ পেয়েও তারা ১০ সদসে৵র ভারোেত্তালন দলকে শেষ পর্যন্ত এশিয়ান গেমসে খেলার অনুমতি দিল না! এর আগে মহিলা ফুটবল দলও বিওএর খরচ ছাড়াই কোরিয়ায় এশিয়ান গেমসে যেতে চাইলে ‘না’ শুনেছে। ‘না’ বলেই যেন দায়িত্ব সারছে বিওএ!
দেশের অলিম্পিক সংস্থার এমন নেতিবাচক মনোভাবের পরও ভারোত্তোলকদের আশা ছিল, হয়তো অনুমতি পাওয়া যাবে। কিন্তু কাল চূড়ান্তভাবে তাঁরা জানতে পারেন, এশিয়ান গেমসে অংশ নেওয়ার ব্যাপারে বিওএ নেতিবাচক মনোভাব জানিয়ে দিয়েছে আয়োজকদের।
অথচ বিওএর কোনো খরচ ছাড়াই ১২ দিন আগে দুই সপ্তাহের অনুশীলনে কোরিয়া গেছে ভারোত্তোলন দল। সেখানে প্রশিক্ষণ শেষে গেমসে অংশ নেওয়ার জন্য অনেক দেনদরবার করেছিল তারা। শেষ পর্যন্ত সবই বৃথা গেল। বিওএ মহাসচিব প্রথমে বলেছিলেন, ‘ভারোত্তোলনে এন্ট্রি দেওয়ার সময় নেই।’ কিন্তু ভারোত্তোলন ফেডারেশন গেমস আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধনের ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়ে যায়। কিন্তু বিওএ না চাওয়ায় গেমসে দর্শক হয়েই ফিরে আসতে হচ্ছে ভারোত্তোলকদের!
কমনওয়েলথ গেমসে ব্যর্থতার অজুহাতে এবার এশিয়ান গেমসে বাদ পড়েছে ৮টি খেলা। তার মধ্যে ভারোত্তোলন অন্যতম। কিন্তু ভারোত্তোলনের বিষয়টা ভিন্ন। তারা নিজ উদ্যোগে কোরিয়া গেছে দুই সপ্তাহের অনুশীলনে।
কাল ইনচনের গেমস ভিলেজ থেকে ভারোত্তোলক ফাহিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বললেন, ‘আমরা গেমস ভিলেজে আছি। কিন্তু খেলতে পারছি না। এটা খুবই হতাশার।’ মোল্লা সাবিরা সুলতানার আক্ষেপ, ‘এই কদিন এখানে অনুশীলন করলাম। আশা ছিল গেমসে খেলব। কিন্তু সুযোগটা আমাদের দেওয়া হয়নি। এর চেয়ে দুঃখের আর কিছু হয় না।’
বিওএ কর্তারা খেলোয়াড়দের দুঃখ উপলব্ধি করতে পারলে তো!