বিওএর ১৯টি পদে ভোট আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন আজ। ৩৪টি পদের মধ্যে ১৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। বাকি ১৯টি পদে ভোট হচ্ছে। এখানে প্রার্থী ২৩ জন। আজ ভোট হবে তিনটি সহসভাপতি পদে। প্রার্থী চারজন—হারুনুর রশিদ, মিজানুর রহমান, এ এস এম আলী কবির ও শেখ বশির আহমেদ। দুটি উপমহাসচিব পদে প্রার্থী আছেন ইমতিয়াজ খান (বাবুল), আশিকুর রহমান (মিকু) ও এ কে সরকার। এ ছাড়া ১৪টি সদস্যপদে প্রার্থী ১৬ জন। বলা বাহুল্য, এ নির্বাচন নিয়ে কোনো উত্তাপ নেই। গতবার ছিল জমজমাট, এবার প্রার্থীরা ছাড়া ক্রীড়াসংশ্লিষ্টদের কাছে তেমন আবেদনও কাড়তে পারেনি। কারণ, কী ঘটবে সবই যেন অনুমেয়।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই শীর্ষ কর্মকর্তা। সভাপতি পদে সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়া, মহাসচিব পদে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা। এ ছাড়া নানা রকম ‘কোটা’ সংরক্ষণ থাকায় দুটি সহসভাপতি পদে ভোট হচ্ছে না। এ দুটি পদে নির্বাচিত হয়েছেন অঞ্জন চৌধুরী ও রাফিয়া আক্তার। একটি উপমহাসচিব পদেও ভোটাভুটির প্রয়োজন নেই। নন-অলিম্পিক কোটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপমহাসচিব নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার ও বাফুফের সহসভাপতি বাদল রায়। সদস্যপদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিসিবির সদ্য বিদায়ী পরিচালক দেওয়ান শফিউল আরেফিন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাজী রাজীবউদ্দিন আহমেদ।