বিওএর ‘নির্বাচনী খেলা’ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ১৯টি পদে কাল নির্বাচন হয়েছে। প্রার্থী ছিলেন ২৩ জন।সবচেয়ে উল্লেখযোগ্য দিক, উপমহাসচিব পদে হেরেছেন বর্তমান উপমহাসচিব এ কে সরকার। বিওএর বিদায়ী কমিটিতে কোচিং কমিটির প্রধানের দায়িত্বটা ভালোই পালন করেছেন তিনি। নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন। ‘নির্বাচনী খেলায়’ তিনিই বিদায় নিয়েছেন বিওএ থেকে।বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নির্বাচন মানেই নানা অঙ্ক। নির্বাচনের আগেই পদ ভাগ-বাঁটোয়ারা হয়ে যায়। স্রোতের বিরুদ্ধে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা যে কঠিন, সেটা আরেকবার বোঝা গেল ৭৩টি ভোটের মধ্যে সরকার মাত্র ২৯টি পাওয়ায়।ভোটের বাজারে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ ফোরামের দাপটই শেষ কথা। ফোরাম যা চায়, তা-ই হয়। দিনকে রাত বানাতে পারে ফোরাম! এই সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান (মিকু) ৬২ ভোট পেয়ে উপমহাসচিব নির্বাচিত হয়েছেন, যিনি ভলিবল ফেডারেশনেরও সাধারণ সম্পাদক। উপমহাসচিবের আরেকটি পদে নির্বাচিত সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান (বাবুল) পেয়েছেন ৫৫ ভোট।এই নির্বাচনে সহসভাপতি পদে হেরেছেন সাবেক সচিব ও অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবির (২০)। সহসভাপতি পদে জিতেছেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ (৭০), মিজানুর রহমান (৫০) ও শেখ বশির আহমেদ (৬০)।বিওএর নতুন কমিটি: সভাপতি জেনারেল ইকবাল করিম ভূইয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মহাসচিব সৈয়দ শাহেদ রেজা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহসভাপতি অঞ্জন চৌধুরী (পিন্টু), রাফিয়া আক্তার (ডলি) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), হারুনুর রশিদ, মিজানুর রহমান, শেখ বশির আহমেদ। উপমহাসচিব বাদল রায় (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ইমতিয়াজ খান, আশিকুর রহমান। কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন আহমেদ।সদস্য তাবিউর রহমান, আবদুল আউয়াল, আহমেদুর রহমান, খাজা রহমতউল্লাহ, মাহবুবুর রহমান, জোবায়দুর রহমান, মাহমুদুল ইসলাম, ইন্তেখাবুল হামিদ, মোহাম্মদ আলী, আমির হোসেন, ইব্রাহিম চেঙ্গিস, হাসান মুনীর, গোলাম মাহবুব, এম এ কুদ্দুস খান।এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য হয়েছেন নয়জন। উল্লেখযোগ্য নাম দেওয়ান শফিউল আরেফিন, কামরুন্নাহার ডানা।