বিওএর 'প্রথম' এবং অলিম্পিক ভিলেজ
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের জন্য কালকের দিনটি ছিল বিশেষ কিছু। এই প্রথম ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থার সাধারণ সভা হলো। এটি হয়েছে কুর্মিটোলা গলফ ক্লাবে।
সাধারণ সভায় অনুমোদন হয়েছে চার বছরের হিসাব। সভার আসল উদ্দেশ্য নতুন নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও নির্বাচন করা যায়নি এখনো। তাই নির্বাচনের উদ্যোগ। বিকেএসপির মহাপরিচালককে প্রধান করে গঠিত হয়েছে একটি নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশন ৩০ মার্চের মধ্যে নির্বাচন করবে বলে শোনা যাচ্ছে।
নির্বাচনের সময় বিদায়ী কমিটির সাফল্য-ব্যর্থতা চলে আসে আলোচনায়। বিদায়ী কর্মকর্তারা নিজেদের কাজের মূল্যায়ন করেন। তবে বাংলাদেশে কাজের মূল্যায়নে সবাই নিজেকে অনেক নম্বরই দেন। যেমনটা দিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিদায়ী মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
বিওএ ভবনে কাল সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমার চার বছরের কাজে আমি খুশি। ১১ বছর পর বাংলাদেশ গেমস করেছি আমরা। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য পেয়েছি।’ আর্চারির সাম্প্রতিক সাফল্য জায়গা পাচ্ছে শাহেদ রেজার সাফল্যের খতিয়ানে। তবে আগেরবার যেখানে ১৮টি সোনা এসেছিল এসএ গেমসে, তাঁর সময়ে এসেছে মাত্র চারটি। এশিয়ান গেমসের মতো আসরে অ্যাথলেটিকসসহ সাতটি খেলায় দল পাঠানো হয়নি। তাঁর যুক্তি, ‘তাদের পারফরম্যান্স ভালো ছিল না।’
শাহেদ রেজা আগামী নির্বাচনেও মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী পাঁচ বছরে ১১ কোটি টাকার বেশি অর্থায়নের প্রশিক্ষণ-পরিকল্পনা জানিয়েছেন। তবে তাঁর স্বপ্নটা অনেক বড়, ‘পদ্মার পারে মুন্সিগঞ্জে একটা অলিম্পিক ভিলেজ করতে চাই, যাতে ওখানে বড় কোনো আন্তর্জাতিক গেমস আমরা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আমি ও সভাপতি কথা বলেছি। অন্তত শুরুটা করে দিয়ে যেতে চাই।’ এই ভিলেজের কথা অবশ্য অনেক দিন থেকেই শোনা যাচ্ছে। দৃশ্যমান কিছু এখনো দেখা যায়নি।
মহাসচিব পদে আরও দু-একজনের নাম শোনা যাচ্ছে।