বিকল্প খুঁজতে শুরু করেছে বিসিবি
মানুষের চিন্তার মধ্যে ঢুকে পড়ার যন্ত্র থাকলে বিসিবি নিশ্চিতভাবেই সেটা পেতে চাইত। রিচার্ড পাইবাস কি সত্যি সত্যি এত কিছু চাচ্ছেন, নাকি ‘বেশি চাইলে কিছু হলেও তো পাব’ জাতীয় একটা জুয়া খেলছেন? এটা জানতে পারলে অনেক সহজ হয়ে যেত বিসিবির নতুন কোচ খোঁজার কাজ।সেটা যখন জানা যাচ্ছেই না, দ্বিতীয় ও তৃতীয় পছন্দের কথাও ভাবতে শুরু করেছে বিসিবি। বিশ্বস্ত সূত্রের তথ্য, পাইবাসের সঙ্গে দরদামের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার কেপলার ওয়েসেলস এবং ইংল্যান্ডের মিক নিওয়েলের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। তবে সবকিছু চূড়ান্ত হলেই কেবল চুক্তি সই করতে ঢাকায় পা রাখবেন নতুন কোচ। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস কারও নাম নিশ্চিত করতে অস্বীকৃতি জানালেও বলেছেন, সপ্তাহ খানেকের মধ্যে কোচ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে পাইবাস আসবেন কি না, সেটি এ সপ্তাহেই বোঝা যাবে। তিনি আশাবাদী, জিম্বাবুয়ে সফরের ঠিক আগে আগে হলেও পাওয়া যাবে নতুন কোচ।সূত্র জানিয়েছে, সাবেক কোচ স্টুয়ার্ট ল-র চেয়ে চার থেকে সাড়ে চার হাজার ডলারের মতো বেশি বেতন চাচ্ছেন পাইবাস। ল আয়কর বাদ দিয়ে পেতেন সাড়ে ১৪ হাজার ডলারের মতো। পাইবাসের দাবির মধ্যে আরও আছে—সিরিজ না থাকলে দেশে চলে যাওয়ার সুযোগ, বাড়তি দৈনিক ভাতা, দেশে যাওয়া-আসার জন্য বছরে ছয়টি বিজনেস ক্লাস টিকিট অথবা বাংলাদেশে পরিবার আনলে সন্তানদের পড়ার খরচ, এজেন্টের ফি এবং জাতীয় দল ছাড়া আর কোনো দলকে সাহায্য না করার শর্ত। বিসিবি এসব শর্তের বেশির ভাগই মানতে রাজি নয়।