অস্ট্রেলিয়ান ওপেন: ১৪ জানুয়ারি শুরু বছরের প্রথম গ্র্যান্ড স্লাম
বিকল্প পথে প্রস্তুতি ফেদেরারের
বয়স ৩১। বয়সের ছাপ পড়েছে খেলাতেও। কয়েক বছর ধরেই রজার ফেদেরার সেই ফেদেরার নেই। ২০১২ সালটা যেভাবে শেষ হয়েছে, তাতে অনেকে তাঁর ক্যারিয়ারের শেষই দেখে ফেলেছেন। কিন্তু সবচেয়ে বেশি ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী তা মানতে রাজি নন। চালিয়ে যেতে চান আরও কয়েক বছর। তিনি বরং আত্মবিশ্বাসী আরও গ্র্যান্ড স্লাম জেতার সামর্থ্য তাঁর আছে। এ মাসের অস্ট্রেলিয়ান ওপেনেই এসে যেতে পারে আরেকটি। এটির জন্য সুইস তারকা প্রস্তুতি নিচ্ছেন অন্যভাবে। সত্যিকার অর্থেই অন্যভাবে। ২০১৩ মৌসুমের সূচিটা কাটছাঁট করে নিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রস্তুতি টুর্নামেন্টে খেলছেন না। গত নভেম্বরে লন্ডনে এটিপি ট্যুর ফাইনালসে নোভাক জোকোভিচের কাছে হারার পর কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টেই নামেননি। খেলেছেন শুধু কয়েকটা প্রদর্শনী ম্যাচ। মেলবোর্নে এসেও অনুশীলন করছেন নিজের মতো করে এবং সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। লক্ষ্য মন এবং শরীরটাকে তরতাজা রাখা। ফেদেরার নিজেই বলছেন, ‘আমি কোনো টুর্নামেন্ট খেলছি না। কাজেই এ বছর আমার প্রস্তুতিটা একটু ভিন্ন।’ বিকল্প পথে নিজেকে প্রস্তুত করা ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেনে পঞ্চম শিরোপাটা যদি জিতেই যান, সেটা হবে ১৯৯৫ সালে আন্দ্রে আগাসির পর প্রস্তুতি টুর্নামেন্ট না খেলেই অস্ট্রেলিয়া ওপেনের শিরোপা জয়ের প্রথম ঘটনা।যদিও ২০১২ সালটা যেমন বাজে কেটেছে, তাতে অনেকেরই মনে হয় না রড লেভার অ্যারেনায় ফেদেরার ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লামটি জিততে পারবেন। সর্বকালের সেরা বলে ফেদেরারকে মানতে দ্বিধা নেই কারও। পরিসংখ্যানও তাঁর হয়েই কথা বলে। কিন্তু নিন্দুকেরা তো বটেই; সমর্থকদেরও একটা অংশ মনে করেন, জোকোভিচ এবং মারেই এখন বেশি শক্তিশালী।ফেদেরার এটা স্বীকার করেও দৃষ্টি দিচ্ছেন সামনের দিকে, ‘গত বছর আমরা ভিন্ন চারজন গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন পেয়েছি। এবং প্রত্যেকেই খুব ভালো অবস্থায় আছে। যে কিনা খেলছেই না সেই রাফা বাদে বাকিরা, এমনকি পাঁচ থেকে ১০ নম্বরে যারা আছে তারাও দারুণ খেলছে। কাজেই আমি মনে করি, টুর্নামেন্টটা হতে যাচ্ছে রোমাঞ্চকর।’সবাই ফর্মে থাকলেও এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচই ফেদেরারের ফেবারিট। গত পাঁচ বছরে তিনবারই রড লেভার অ্যারেনায় শিরোপা জিতেছেন জোকোভিচ (২০০৮, ২০১১ ও ২০১২)। মারে গত ইউএস ওপেন জিতলেও বিগত দুই বছরে জোকোভিচই ফেদেরারের চোখে সেরা হার্ডকোর্ট খেলোয়াড়। এবার তাই উন্মুক্ত যুগের প্রথম খেলোয়াড় হিসেবে মেলবোর্নে টানা তিনবার ট্রফি উঁচিয়ে ধরার সুযোগ জোকোভিচের সামনে! ফেবারিট তকমাটা কারও কারও কাছে চাপ হয়ে ওঠে। ফেদেরার সে চাপ অনেকবারই অনুভব করেছেন, কিন্তু এটি তাঁকে ভালো খেলতে উদ্বুদ্ধও করেছে, ‘আমার ক্যারিয়ারের অর্ধেকটাই খেলেছি ফেবারিট হিসেবে। এটা আমার ভালোই করেছে, এই বাড়তি চাপটা আমাকে দিয়ে ভালো খেলিয়ে নিয়েছে।’ তাহলে এবার যে ফেদেরার ফেবারিট নন, এটি তো তাঁর বিরুদ্ধেই যায়! সেটি আবার গুরুত্ব পাচ্ছে না তাঁর কাছে, ‘আমি যদি দ্বিতীয়, চতুর্থ কিংবা অষ্টম ফেবারিট হই কিংবা না-ও হই, আমার জন্য কোনো ব্যাপারই নয়। আমি জানি, যদি আমি ভালো খেলতে পারি, আমি টুর্নামেন্ট জিততে পারব।’ফেদেরারকে আসলে এতটা আত্মবিশ্বাসী করে তুলছে অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর পারফরম্যান্স। সেই ২০০০ সাল থেকে প্রতিবারই বছরের প্রথম গ্র্যান্ড স্লামটিতে অংশ নিয়ে আসছেন। সর্বশেষ নয়বারই উঠেছেন সেমিফাইনালে। চারবার শিরোপা জিতেছেন, একবার হয়েছেন রানারআপ। বিস্ময়কর এই অতীতই ‘ফেড এক্সপ্রেসে’র অনুপ্রেরণা, ‘ব্যক্তিগতভাবে আমার আশা, আমি এখানে ভালো খেলতে পারব। অস্ট্রেলিয়ান ওপেনে আমি কখনোই খারাপ খেলিনি। কাজেই আমি আশাবাদী, ফলটা একই রকম হবে।’আজ ড্র, অস্ট্রেলিয়ান ওপেন শুরু ১৪ জানুয়ারি। টুর্নামেন্টটা কেমন যাবে ফেদেরারের? রয়টার্স।