বিকল্প প্রস্তুত রাখছে বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দল এবং বিসিবিরও আশা, চেন্নাইয়ের পরীক্ষায় বৈধ প্রমাণিত হবে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন। তবে শুধু আশা নিয়ে বসে থাকলে তো হয় না। ভাবতে হচ্ছে মুদ্রার অন্য পিঠটা নিয়েও। সত্যি সত্যিই সানি-তাসকিনের কারও অ্যাকশনে সমস্যা ধরা পড়লে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোয় তাঁদের বিকল্প হবেন কে বা কারা?
কাল বিসিবির একটি সূত্রে জানা গেছে, তাসকিন-সানির সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় আছেন চার-পাঁচজন ক্রিকেটার। সানির অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে বিকল্প হিসেবে দুই বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও সাকলাইন সজীবের মধ্যে যেকোনো একজন উড়ে যাবেন ভারতে। রুবেল হোসেন এখনও পুরোপুরি ফিট নন বলে তাসকিনের বিকল্প হিসেবে প্রথম পছন্দ মোহাম্মদ শহীদ। কামরুল ইসলাম (রাব্বী) এবং শফিউল ইসলামও আছেন সম্ভাব্যের তালিকায়।
বিশ্বকাপের স্ট্যান্ডবাই তালিকায় থাকা কামরুলের ভিসা করানোই আছে। সঙ্গে সানজামুল, সাকলাইন, শহীদ ও শফিউলের ভিসার প্রক্রিয়াও এগিয়ে রাখছে বিসিবি। তবে শফিউলের এই যাত্রায় ভারতের যাওয়ার সম্ভাবনা কম। ভবিষ্যতে কেউ চোটাঘাতে পড়লে পাঠানোর প্রয়োজন হতে পারে বলেই করানো হচ্ছে তাঁর ভিসাও।
চারজনের স্ট্যান্ডবাই তালিকায় পেসার কামরুল ছাড়াও আছেন ইমরুল কায়েস, মুক্তার আলী ও শুভাগত হোম চৌধুরী। তবে বিকল্প খেলোয়াড় এই তালিকা থেকেই নেওয়ার বাধ্যবাধকতা নেই। কাল মুঠোফোনে প্রধান নির্বাচক ফারুক আহমেদের কথায়ও তাই আভাস, ‘আমরা আশাবাদী সানি-তাসকিনের অ্যাকশনে সমস্যা নেই। তবে প্রয়োজনে বিকল্প খেলোয়াড় তো পাঠাতেই হবে। দলের সঙ্গে বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান থাকায় আমরা হয়তো বোলারই পাঠাব। সেটা স্ট্যান্ডবাই তালিকা থেকে হতে পারে, আবার বাইরে থেকেও হতে পারে।’