বিকেএসপি-আনসার সমানে সমান
ফ্লোর ইভেন্টে সোনা জেতা বাংলাদেশ আনসারের মাহমুদুল হাসান পদক আর সনদ হাতে নিয়ে চলে গেলেন জিমনেসিয়ামের এক কোণে। পদক তুলে দিলেন কলম্বো এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু শাহজাহান আলীর (রনি) গলায়। বন্ধুর খেলা দেখতে কাল জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে এসেছিলেন ২০০৬ এসএ গেমসে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সোনাজয়ী এই সাঁতারু।জাতীয় জিমন্যাস্টিকস দেখতে এসেছিলেন গত এসএ গেমসে সোনাজয়ী শ্যুটার শারমিন আক্তারও (রত্না)। আনসারের এই খেলোয়াড় খুশিমনেই ফিরলেন। কাল শেষ হওয়া ৩০তম জাতীয় জিমন্যাস্টিকসে পুরুষ বিভাগে ৪৯০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। রানার্সআপ বিকেএসপির পয়েন্ট ৪২৯.৭০। মেয়েদের বিভাগে দলীয় চ্যাম্পিয়ন বিকেএসপির পয়েন্ট ২৩৫.৩০। রানার্সআপ আনসার পেয়েছে ১১৮.৪৫ পয়েন্ট।পুরুষ ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন আনসারের তানভির আহমেদ। মহিলা বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন বিকেএসপির পারুল আক্তার।