বিকেএসপি কাপ আর্চারি আজ শুরু
এর আগে ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিকস ও সাঁতার—হাতে গোনা কয়েকটি খেলারই টুর্নামেন্ট হতো বিকেএসপিতে। তবে বিকেএসপি কাপ নামের এই টুর্নামেন্টের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিকেএসপিতে খেলাধুলার যে ১৭টি বিভাগ রয়েছে, ধারাবাহিকভাবে সবগুলোরই টুর্নামেন্টের আয়োজন করা হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে হয়েছে বাস্কেটবল ও জিমন্যাস্টিকস টুর্নামেন্ট। সেই ধারাবাহিকতায় আজ শুরু হচ্ছে বিকেএসপি কাপ আর্চারি।
বিকেএসপির ফুটবল মাঠে অনুষ্ঠেয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে ঢাকা আর্মি আর্চারি ক্লাব, এএসপিটিএস আর্চারি ক্লাব, বিজিবি, তিরন্দাজ সংসদ, দি ব্লেজার বিডি, কোয়ান্টাম ফাউন্ডেশন, বিকেএসপি হাইপারফরমার টিম এবং বিকেএসপি। খেলা হবে একক, দলগত ও মিশ্র দলগত ইভেন্টে। পুরুষ ও মহিলা মিলিয়ে অংশ নিচ্ছেন ৭৯ জন তিরন্দাজ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে দি ব্লেজার বিডি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা ব্যাংক মিলনায়তনে কাল এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছুর রহমান, আর্চারির সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদসহ অন্যরা।