ম্যাচ শেষ হতেই বিকেএসপির পতাকা গায়ে জড়িয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন খেলোয়াড়েরা। অগ্রণী ব্যাংক ২৬তম জাতীয় যুব হকিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বিকেএসপি।
১৯৭৫ সালে শুরু হওয়া জাতীয় যুব হকিতে বরাবরই বিকেএসপির আধিপত্য। ২৬ আসরের মধ্যে ১৩ বারই চ্যাম্পিয়ন বিকেএসপি। কাল একপেশে ফাইনালে বিকেএসপি ৫-০ গোলে হারিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডকে।
শিক্ষা বোর্ডের জন্য আরেকটা হতাশার দিন গেল কাল। সেই ১৯৮৩ সালে সর্বশেষ ঢাকা জেলার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল শিক্ষা বোর্ড। ৩৪ বছর পর ফাইনালে উঠেও ট্রফিটা ছোঁয়া হলো না। কিন্তু নামেই শিক্ষা বোর্ড, এই দলটাও বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে গড়া। ২২ জনের মধ্যে দশজনই বিকেএসপির। ফাইনালের একাদশেও খেলেছেন বিকেএসপির দশজন।
চলতি মাসে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)। তিন পরীক্ষার্থী আল নাহিয়ান শুভ, মোহাম্মদ মোহসিন ও সাইজুদ্দিন খেলেছেন বিকেএসপি দলে। হকির এমনই টান যে পরীক্ষার পড়াশোনা ফেলে এঁরা ছুটে এসেছেন মওলানা ভাসানী স্টেডিয়ামে। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সোহানুরের গোলে প্রথমে এগিয়ে যায় বিকেএসপি। ২৮ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন দেবাশীষ। ২৯ ও ৩৭ মিনিটে পরপর দুই গোল করেন এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ মোহসিন। ৫৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই ৫-০ করেছেন সোহানুর। ৬ ম্যাচে করেছেন ২০ গোল, পাবনার এই তরুণের হাতেই উঠেছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। টুর্নামেন্ট সেরা শফিউল আলম।
বিকেএসপির দুটি দলের মধ্যে লড়াই হলেও ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাই¦হলো না। জাতীয় যুব হকিতে অংশ নেওয়া ৩৯টি দলের মধ্যে শুধু ঢাকা, রাজশাহী, চট্টগ্রামের সঙ্গেই যা একটু লড়তে হয়েছে বিকেএসপিকে। কিন্তু বাকি দলগুলোর সঙ্গে খেলেছে একচেটিয়া। বিকেএসপি চ্যাম্পিয়ন হওয়ায় খুশি ম্যানেজার কাওসার আলী, ‘অঘটন না ঘটলে আমি আশা করেছিলাম বিকেএসপিই চ্যাম্পিয়ন হবে। সেটাই হয়েছে। আমি খুশি।’ যদিও বিকেএসপির একক আধিপত্যে একটু নাখোশই তিনি, ‘দুঃখজনক হলেও একজন পেশাদার কোচ হিসেবে সত্যি কথা বলতে চাই, অনেক জায়গায় যদি খেলা হতো তাহলে অনেক ভালো হতো। ভালো খেলোয়াড় উঠে আসত। জাতীয় দলও ভালো খেলত।’