বিকেএসপিকে উড়িয়ে দিয়েছে রাজশাহী
নাজমুল হোসেনের (শান্ত) অপরাজিত ১৮৫ রানের সুবাদে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটের তিন দিনের ম্যাচে বিকেএসপিকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে রাজশাহী বিভাগ। দিনাজপুর বড় ময়দান মাঠে বিকেএসপি প্রথম ইনিংসে তোলে ১৩৯ রান। জবাবে রাজশাহী ১ম ইনিংসে ৪ উইকেটে করে ৩৩৫। এরপর বিকেএসপি দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হওয়ায় রাজশাহীর সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯ রান। বিনা উইকেটেই সেটি টপকে যায় তারা। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনা ৮ উইকেটে হারিয়েছে ঢাকা মহানগরকে। প্রথম ইনিংসে ঢাকা মহানগর ১৬৪ রান তোলার পর খুলনা ৯ উইকেটে করে ২০৫ রান। ঢাকা দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানে অলআউট হলে খুলনার জয়ের লক্ষ্য দাঁড়ায় ১০৫ রানের। ২ উইকেট হারিয়ে যেটি তুলে ফেলে তারা। রংপুরে ঢাকা উত্তর ও বরিশালের ম্যাচটি ড্র হয়েছে। বরিশাল প্রথম ইনিংসে তোলে ১৩৬। জবাবে ঢাকা উত্তর অলআউট ২২২ রানে। এরপর বরিশাল ৯ উইকেটে ২০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। ঢাকা ১ উইকেটে ৪০ রান তুলতেই শেষ হয় খেলা।