
আগামী মাসে ঢাকায় বিশ্ব হকি লিগ ও দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমস। দুটি বড় প্রতিযোগিতা সামনে রেখে প্রস্তুতি ম্যাচের আড়ালে তিনটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। তিনটিই বিকেএসপিতে, যার প্রথমটি আজ বিকেল চারটায়। বাকি দুটি ৮ ও ৯ আগস্ট।
তিন ম্যাচেরই প্রতিপক্ষ ভারত। অবশ্য ভারতের মূল দল নয়, মূল দল গ্লাসগোতে সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে খেলেছে। যেখানে তারা রানার্সআপ। ভারতের যে দলটি গতকাল ঢাকা এসেছে, এটিকে ধরে নেওয়া যায় ভারতের দ্বিতীয় দল। তবে সফরকারীরা দ্বিতীয় দল বলতে রাজি নয়, তারা নিজেদের ভারতীয় দল বলেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছে।
এমনিতে ভারতের মূল দলের সঙ্গে সাত-আট গোলে নিয়মিতই হারে বাংলাদেশ। কিন্তু এটি মূল দল না হলেও অনেক শক্তিশালী। কাজেই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। তা ছাড়া এগুলো নিছকই প্রস্তুতি ম্যাচ নয়, আন্তর্জাতিক হকি ফেডারেশন স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ। সিরিজের পোশাকি নাম ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ হকি সিরিজ’।
এই সিরিজে ভালো করলে আসছে এশিয়ান গেমসের ভারতীয় মূল দলে খেলার সুযোগ মিলতে পারে। সে দিক থেকে ভারতীয় তারুণ্যনির্ভর দলটি তাদের সেরা নৌপুণ্যই দেখাতে চাইবে নিশ্চিত। দলটির দুজন খেলোয়াড় ছাড়া দলের ১৬ জনেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। বাংলাদেশের সঙ্গেও অতীতে ম্যাচ খেলেছেন, এমন কয়েকজনও আছেন। অধিনায়ক বিক্রম কান্ত খেলেছেন ৭০টি আন্তর্জাতিক ম্যাচ, সহ-অধিনায়ক ৫৪টি। এই দলের পাঁচজন সর্বশেষ বিশ্বকাপ খেলেছেন। দলের সঙ্গে এসেছেন ভারতের সাবেক তারকা খেলোয়াড় অর্জুন হালাপ্পা, যিনি এখন নির্বাচক।
ভারতীয় দলটি ঢাকা বিমানবন্দরে নামার পর কোচ-ম্যানেজার-অধিনায়ক এলেন হকি ফেডারেশনে সংবাদ সম্মেলনে। বাকিরা সরাসরি চলে গেছেন বিকেএসপি। সংবাদ সম্মেলনে দলটির ম্যানেজার হারেন্দ্রা সিং বললেন, ‘এ ধরনের সফর বিনিময় দুই দেশের হকি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে এই সিরিজ বাংলাদেশকে এশিয়াডে ভালো করতে সাহায্য করবে।’
বাংলাদেশের জন্য শুভকামনা রাখলেন ভারতীয় কোচ তুষার খন্দকার, ‘বাংলাদেশ ভালো দল। যখনই তাদের সঙ্গে খেলেছি, ভালো ম্যাচ হয়েছে। আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও এই সিরিজটা খেললে বাংলাদেশ উপকৃত হবে।’ অধিনায়ক বিক্রম কান্তর কথা, ‘আমাদের এই দলে অনেক তরুণ খেলোয়াড় আছে। তারা মূল দলে জায়গা পেতে মুখিয়ে আছে। একই সঙ্গে এশিয়ান গেমসের জন্য আমরা যেন সেরা দলটা বেছে নিতে পারি, এই সিরিজ তাতে কাজে আসবে।’
বাংলাদেশ কোচ নাভিদ আলম আজ সকালে পাকিস্তান থেকে ফিরবেন। দল তৈরিতে এই সিরিজটা তাঁর জন্য মহার্ঘ্য হয়ে এসেছে। সে কথাই বললেন অধিনায়ক মামুনুর রহমান চয়ন, ‘ভালো দলের সঙ্গে খেললে নিজেদের শক্তি বোঝা যায়। এই সিরিজে আমরা ভারতের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চাই।’