বিকেএসপিতে কাল শুরু সার্ক ক্যারম
সর্বশেষ ২০১০ সালে জাতীয় ক্যারম প্রতিযোগিতার আয়োজন করেছিল ফেডারেশন। অন্যান্য টুর্নামেন্টও অনিয়মিত। স্থবির এই ফেডারেশন এবার বেশ ঘটা করেই সার্ক ক্যারম চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে। বিকেএসপিতে ১১-১৪ জুলাই হবে প্রতিযোগিতা।ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ—এই পাঁচ দেশ খেলবে দলগত পুরুষ, দলগত মহিলা, পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, মিশ্র দ্বৈত ইভেন্টে। বাংলাদেশ দল অনুশীলন শুরু করেছে গত জুন মাস থেকে। সেখান থেকেই বাছাই করা হয়েছে চূড়ান্ত দল। প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। গত বছর মালদ্বীপে এশিয়ান ক্যারম চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দল এবার সার্ক ক্যারমেও ভালো করতে চায়। খেলোয়াড়দের সোনাজয়ে উদ্বুদ্ধ করতে এরই মধ্যে এক লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে ফেডারেশন। বাংলাদেশ দল নিয়ে দারুণ আশাবাদী ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ, ‘আমরা গত বছর মালদ্বীপে এশিয়ান ক্যারমে রুপা জিতেছিলাম। এবারও আশা করি ভালো একটা ফলাফল করব। শুধু ভারতকে নিয়েই যা একটু ভয়।’ কাল এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন।বাংলাদেশ দল: হাফিজুর রহমান, মোহাম্মদ আলী রবিন, হেমায়েত উদ্দিন, মোহাম্মদ মনিরুজ্জামান, ফারজানা আক্তার, ফারজানা বানু, আফসানা নাসরিন ও ফারহানা প্রিটি।