বিকেএসপিতে নিরুত্তাপ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল হক জুনিয়র: আরও একবার ৫ উইকেট । প্রথম আলো
এনামুল হক জুনিয়র: আরও একবার ৫ উইকেট । প্রথম আলো

প্রথম দিনে শুধু খেলাতেই দুই মাঠে দুই চিত্র ছিল না, ছিল খেলা পরিচালনায়ও। বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচে সকাল ১১টায় ‘চা-বিরতি’ আর দুপুর দেড়টায় ‘মধ্যাহ্ন বিরতি’ দেওয়া হয়েছিল। পাশের ৩ নম্বর মাঠে ওয়াল্টন মধ্যাঞ্চল-বিসিবি উত্তরাঞ্চলের ম্যাচে ঠিকঠাকই ছিল সব। কিন্তু টেকনিক্যাল কমিটির ‘মেমো’ মেনে কাল দুই মাঠেই ‘চা-বিরতি’ হলো বেলা ১১টায়। ‘মেমো’তেই বলা আছে, যেহেতু খেলা একটু আগে শুরু হচ্ছে এবং গরমও পড়ছে অনেক, তাই প্রথম বিরতিটা হবে ২০ মিনিটের। দ্বিতীয় বিরতি সময় ৪০ মিনিট।
ম্যাচ পরিচালনায় মিল ফিরে এলেও ম্যাচের অবস্থা প্রথম দিনের মতোই দুই মাঠে দুই রকম। ৩ নম্বর মাঠে উত্তরাঞ্চল ৪৫৭ রানে অলআউট হওয়ার পর ৩ উইকেটে ১১৬ রান করেছে মধ্যাঞ্চল। এখানে দুই দিনেও পুরো দুই ইনিংস খেলা শেষ না হলেও ৪ নম্বর মাঠে শুরু হয়ে গেছে তৃতীয় ইনিংসের খেলা। প্রথম ইনিংসে ১৩৫ রানে অলআউট পূর্বাঞ্চল দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে করেছে ১ উইকেটে ১৩৮। প্রথম ইনিংসে ৩৭৬ রান করা দক্ষিণাঞ্চলকে আরেকবার ব্যাটিং করাতে আরও ১০৩ রান চাই পূর্বাঞ্চলের।
সারা দিনে বলার মতো ঘটনা ৪ নম্বর মাঠেই বেশি দেখা গেল। পূর্বাঞ্চলের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৯তম বারের মতো নিয়েছেন ৫ উইকেট। ১ উইকেটে ১০৭ রান করে প্রথম দিন শেষ করা দক্ষিণাঞ্চল মূলত সে কারণেই স্পর্শ করতে পারেনি ৪০০ রানের মাইল ফলক। তবে ২ উইকেটে ২৪৩ রান থেকে মাত্র ৩ ওভার এবং ৮ রানের মধ্যে তাদের স্কোরটা ৫ উইকেটে ২৫১ বানিয়ে দেওয়ার কৃতিত্ব অফ স্পিনার মোসাদ্দেক আর বাঁহাতি স্পিনার মুমিনুলের। ২৪১ রানে মোসাদ্দেক মিঠুনকে (৭৭) ফেরানোর পর রানটা ২৫১তে রেখেই পরের দুই ওভারে মুমিনুল আর মোসাদ্দেক ফেরান সৌম্য (৭১) আর তাইবুরকে (০)।
১০৮ রানে ২ উইকেট পড়ার পর মিঠুন-সৌম্য তৃতীয় উইকেটে যোগ করেন ১৩৫ রান। ওই জুটি ভাঙার পর ভেঙে পড়ল দক্ষিণাঞ্চলের ইনিংসটাই। ২৬৬ থেকে ২৭০—চার রানের মধ্যে ড্রেসিংরুমে ফেরেন শুভাগত, তুষার আর জিয়াও। তুষারকে ফিরিয়েছেন মুমিনুল, শুভাগত ও জিয়াকে এনামুল। প্রথম শ্রেণীর ক্রিকেটে আর ১১ উইকেট পেলেই ৪০০ উইকেট হবে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের।
আগের দিন ৪ উইকেটে ২৮৭ রান করা উত্তরাঞ্চলের রান কাল সাড়ে চার শ পেরিয়েছে পঞ্চম উইকেটে নাসির-তানভীরের ৪৭ ও ষষ্ঠ উইকেটে তানভীর-ফরহাদের ৮১ রানের সৌজন্যে। দিন শেষে ৩ উইকেটে ১১৬ রান করা মধ্যাঞ্চলের লিড নিতে প্রয়োজন আরও ৩৪১ রান।

সংক্ষিপ্ত স্কোর

ওয়ালটন মধ্যাঞ্চল-বিসিবি উত্তরাঞ্চল
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ৪৫৭ (ফরহাদ হোসেন ১০৯, তানভীর ৬৬, জুনায়েদ ৬৫, হামিদুল ৬০; ইলিয়াস সানি ৪/১১১, মাহমুদউল্লাহ ৩/১২৭, মোশাররফ ২/৭৩)। মধ্যাঞ্চল ১ম ইনিংস: ১১৬/৩ (শামসুর ৩৫*, আসিফ ৩৩, মজিদ ৩১; তাইজুল ২/২৫)।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল
পূর্বাঞ্চল: ১৩৫ ও ১৩৮/১ (সাদমান ৫৬*, লিটন ৪৭*; সোহাগ ১/৪১)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৩৭৬ (মিঠুন ৭৭, সৌম্য ৭১, সোহাগ ৬৪, এনামুল বিজয় ৫৯; এনামুল জুনিয়র ৫/১২৬, মোসাদ্দেক ৩/৬৫, মুমিনুল ২/৪৩)।