বিকেএসপিতে রোমাঞ্চকর ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবুল করিম: ১৬২
মাহবুবুল করিম: ১৬২

রেকর্ড ৭৫৬ রান করার পর প্রতিপক্ষকে ১৭৮ রানে গুটিয়ে দেওয়া। প্রথম ইনিংসে ৫৭৮ রানের লিড। পরশু বিকেএসপিতে রাজশাহীকে ফলোঅন না করিয়ে বিস্ময়ই উপহার দিয়েছিল ঢাকা বিভাগ। তিন ওভারে ২৮ রান নিয়ে তৃতীয় দিন শেষ করা দলটি অবশ্য কাল আর ব্যাটিংয়ে নামেনি। ইনিংস ঘোষণা করেছে ওখানেই। ৬০৬ রানে এগিয়ে যাওয়া দলটি জিতেই গিয়েছিল প্রায়। দিনের খেলা শেষ হওয়ার প্রায় ৯ ওভার আগেই নবম উইকেট হারানো রাজশাহী ম্যাচ বাঁচিয়েছে শেষ জুটির দৃঢ়তায়। মুক্তার আলী (৫১ বলে ১৯) ও দেলোয়ার হোসেন (২৬ বলে ২৪) শুধু ঠেকিয়েই যাননি, পাল্টা আঘাতও হেনেছেন। ১১ নম্বরে নেমে দেলোয়ার মেরেছেন ৩টি চার ও ২টি ছয়। ঢাকা মাশুল দিয়েছে ক্যাচ ফেলারও। এই ড্রয়ের পরও চার ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা বিভাগ। ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজশাহী।
সিলেটকে হারিয়ে আগের দিনই প্রথম জয় পেয়েছে খুলনা। কাল প্রথম জয় পেয়েছে রংপুর ও চট্টগ্রাম বিভাগও। চট্টগ্রামে বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা। ২৯৫ রানের লক্ষ্য, চট্টগ্রামের অর্ধেকের বেশি রানই ওপেনার মাহবুবুল করিমের। ক্যারিয়ারের দ্বিতীয় প্রথম শ্রেণীর সেঞ্চুরি পাওয়া মাহবুবুল ২৮১ বলে ১৮ চারে করেছেন ১৬২। বগুড়ায় ঢাকা মহানগরের বিপক্ষে শেষ দিনে প্রয়োজনীয় ৬৯ রান লাঞ্চের সময় তুলে নেয় রংপুর।

সংক্ষিপ্ত স্কোর

 ঢাকা বিভাগ: ৭৫৬/৫ ডি. ও ২৮/০ ডি.। রাজশাহী: ১৭৮ ও ৯৭ ওভারে ২৭২/৯ (সাব্বির ৮৮, জুবায়ের ৫৭, জুনায়েদ ২৭, দেলোয়ার ২৪*; নূর ৪/৯৮, অপু ৩/৭৩, শুভাগত ২/৫৫)।
ফল: ড্র। ম্যান অব দ্য ম্যাচ: তাইবুর পারভেজ।
 রংপুর: ২৪০ ও ৭৩.৫ ওভারে ১৮৭/৪ (মাহমুদুল ৫৩, সায়মন ৫২*; শরীফউল্লাহ ২/৪০, মেহরাব জু. ১/১০, আসিফ ১/১৬)। ঢাকা মহানগর: ৪৮ ও ৩৭৩। ফল: রংপুর ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সাজেদুল ইসলাম।
 বরিশাল: ১৯৭ ও ২৭৬। চট্টগ্রাম: ১৭৯ ও ১০৬.৫ ওভারে ২৯৫/৬ (মাহবুবুল ১৬২, ফয়সাল ৪৯, নাফীস ৩৯; মনির ৩/১০২, কবির ২/১৫, ইফতেখার ১/৪১)।
ফল: চট্টগ্রাম ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহবুবুল করিম।