বিকেএসপিতে স্পিনারদের একদিন

এক মাঠে পড়ল ১৭ উইকেট। আরেক মাঠে লাঞ্চের পর শুরু হয়ে খেলা হলো ৮১ ওভার, তাতেই উইকেট নেই আটটি। বিকেএসপিতে বিসিএলের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনটা বোলারদের সাফল্যের সাক্ষী। আরও নির্দিষ্ট করে বললে কালকের দিনটা ছিল স্পিনারদেরই।
তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, সোহাগ গাজী, আবদুর রাজ্জাকদের সাফল্য সত্যি প্রমাণ করছে কথাটাকে। দুই নম্বর মাঠে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ২৬১ রানে হারানো ৮ উইকেটের ৭টিই পেয়েছেন বিসিবি উত্তরাঞ্চলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তিন নম্বর মাঠে ওয়ালটন মধ্যাঞ্চলকে প্রথম ইনিংসে ১৬৫ রানে অলআউট করার পেছনে বড় ভূমিকা প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক ও অফস্পিনার সোহাগ গাজীর। দক্ষিণাঞ্চল ১৯৬ রানে ৭ উইকেট খুইয়েছে মূলত মাহমুদউল্লাহর অফ স্পিনে, ৫ উইকেট নিয়েছেন মধ্যাঞ্চল অধিনায়ক।
দুই নম্বর মাঠে কাল সকালের প্রথম বলটা আরেকটু হলে দুই ড্রপ খেয়ে যেত। পরের বলটা একেবারে বিপরীত, তামিম ইকবালের সামনে পড়ে হুট করে সেটা লাফিয়ে উঠল। পূর্বাঞ্চলের দুই ওপেনার তামিম ও নাফিস ইকবাল ততক্ষণে বুঝে গেছেন অসমান বাউন্সের ভেজা এই উইকেটে খেলা কতটা ঝুঁকিপূর্ণ। খেলতে অস্বীকৃতি জানালেন দুই ভাই-ই। আম্পায়াররা তবু আরেকটু দেখতে চাইলেন। উত্তরাঞ্চলের পেসার ফরহাদ রেজা একে একে ছয়টা বলই করলেন। ব্যাটসম্যানরা একটা রানও নিতে পারলেন না। ততক্ষণে আম্পায়াররাও বুঝে গেছেন উইকেট প্রস্তুত নয়। কর্তৃপক্ষের নির্দেশেই হয়তো মাত্র দুই দিনের মধ্যে ব্যাটিংবান্ধব ন্যাড়া উইকেটকে পেসসহায়ক বানাতে গিয়ে লেজেগোবরে অবস্থা করে ফেলেছেন মাঠসংশ্লিষ্টরা।
এক ওভার পর বন্ধ হয়ে যাওয়া ম্যাচটা পরে আবার শুরু হয়েছে মধ্যাহ্নবিরতির পর। রোদে শুকিয়ে উইকেট ততক্ষণে মোটামুটি খেলার উপযোগী। রাজিন সালেহর সঙ্গে তৃতীয় উইকেটে ৯৩ এবং অলক কাপালির সঙ্গে পরের উইকেটে ৫১ রানের জুটিতে মুমিনুলই নেতৃত্ব দেন পূর্বাঞ্চলের ব্যাটিংয়ের। তবে দুর্ভাগ্য, সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে তাইজুলের বলে মিড উইকেটে শুভাশিসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ইনিংসে তাইজুলের চতুর্থ উইকেট ছিল সেটি। পরে ধীমান, জুবায়ের ও তাপস বৈশ্যের উইকেট তিনটি নিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে কাল নিজের সেরা সাফল্য পেলেন তাইজুল। এ ম্যাচের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা উত্তরাঞ্চল অধিনায়ক মুশফিকুর রহিমের বোলিং। বরাবর উইকেটের পেছনে দাঁড়ালেও কাল একপর্যায়ে কিপিং গ্লাভস জোড়া জহুরুলের হাতে দিয়ে নিজে বল করেছেন ২ ওভার। যদিও উইকেট পাননি।
বিকেএসপি তিন নম্বর মাঠে মধ্যাঞ্চলের প্রথম ইনিংস শেষ মাত্র ৩৯.৪ ওভারেই। ৬৭ রানে ৫ উইকেট পড়ার পর মাহমুদউল্লাহ (৩৬) ও নুরুল হাসানের (৩২) ৫৭ রানের ষষ্ঠ উইকেট জুটি লজ্জার হাত থেকে বাঁচিয়েছে দলকে। দক্ষিণাঞ্চলের স্পিন জুটি সোহাগ-রাজ্জাকই ধস নামিয়েছেন প্রতিপক্ষ শিবিরে। একবার হ্যাটট্রিকে সামনে দাঁড়ানো রাজ্জাক ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট, ৬৭ রানে ৪ উইকেট নিয়েছেন সোহাগ।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ মিঠুনের ৮৮ রানের সৌজন্যে দিন শেষে ৭ উইকেটে ১৯৬ রান করেছে দক্ষিণাঞ্চল। মিঠুন ছাড়া বাকিদের অবদান উল্লেখযোগ্য নয়। মিঠুনের উইকেটসহ মাহমুদউল্লাহ একাই ৭২ রানে নিয়েছেন ৫ উইকেট। বলও করেছেন অন্যদের চেয়ে অনেক বেশি। তিনি একাই যেখানে ১৯ ওভার বোলিং করেছেন, সেখানে ইলিয়াস সানি ৯ ওভার বোলিং দ্বিতীয় সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোর
পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল
পূর্বাঞ্চল: ৮১ ওভারে ২৬১/৮ (মুমিনুল ৯৪, অলক ৫২*, রাজিন ৩৮, তামিম ২৪; তাইজুল ৭/৬৭, তানভির ১/৩৯)।
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল
ওয়ালটন মধ্যাঞ্চল: ৩৯.৪ ওভারে ১৬৫ (মাহমুদউল্লাহ ৩৬, নুরুল ৩২, শাহরিয়ার ৩০, সানি ২৮; সোহাগ ৪/৬৭, রাজ্জাক ৩/৪৪, রুবেল ২/৩৩, রবিউল ১/১৭)। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল: ৪৮ ওভারে ১৯৬/৭ (মিঠুন ৮৮, তাইবুর ৩১, ইমরুল ২২, সৌম্য ২১; মাহমুদউল্লাহ ৫/৭২, সানি ১/৩১, শাহাদত ১/৩৬)।