বিকেএসপিতে হতাশার অ্যাথলেটিকস
ধরা যাক তাঁর নাম ‘ক’। ঢাকার বাইরের নাম প্রকাশে অনিচ্ছুক ওই কোচ সদ্য শেষ হওয়া ১২তম সামার অ্যাথলেটিকসের পর বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়েছেন নিদারুণ কষ্ট নিয়ে। ফেডারেশন থেকে যাতায়াত ভাতা তো পানইনি, উল্টো সেটা চাইতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন। শেষ পর্যন্ত নিজের জেলা ক্রীড়াসংস্থার এক কর্মকর্তা মুঠোফোনে ‘বিকাশ’ করে টাকা পাঠানোয় রক্ষা! সেই টাকা তুলে বাড়ি ফেরেন কোচ ও অ্যাথলেটরা। যাওয়ার আগে ক্ষুব্ধ কোচ বলছিলেন, ‘ভবিষ্যতে কোনো অ্যাথলেট নিয়ে ঢাকা আসব না।’
এমনিতেই অ্যাথলেটিকসে ভাটার টান। এমন ঘটনা যদি ঘটতে থাকে অ্যাথলেটের সংখ্যা বাড়বে না। এটা বরং কমছে, কমছে মফস্বলে, বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতেও। সদ্য শেষ হওয়া ২০১৪ সামার অ্যাথলেটিকসে অংশ নেওয়া ৩২৩ জন অ্যাথলেটের মধ্যে মাত্র একজন ছিল বিকেএসপির! সেই একজনই সাফল্য পেয়েছেন। শুধু লং জাম্পে অংশ নিয়ে তাতে সোনা জিতেছেন আইরিন আক্তার। ৮০০ মিটারে খেলার কথা থাকলেও অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ট্র্যাকেই নামেননি মার্জিয়া আক্তার।
বিকেএসপির অ্যাথলেট-সংকট দেখে হতাশ অ্যাথলেটিকস কোচ কিতাব আলী। তবে বাস্তবতাও অস্বীকার করতে পারছেন না তিনি, ‘এখন সবাই ক্রিকেটে বেশি আগ্রহী হয়ে পড়েছে। বর্তমানে সচেতন অভিভাবকেরা মনে করেন ক্রিকেট খেললেই ধনী হওয়া যাবে। ওরা খেলার জন্য নয়, পয়সার জন্য খেলে।’ তাঁর আক্ষেপ, ‘গ্রামে-গঞ্জে আগের মতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় না। ১০০ মিটার, লং জাম্প, ৫০০০ মিটার এগুলো নেই। তা ছাড়া আগে কিছু কোচ উদ্যোগী হয়ে খেলোয়াড় আনতেন। ওদের আগ্রহ কমে গেছে। জেলা স্টেডিয়ামে কোনো খেলা হয় না। সেখানে গাঁজাখোরদের আড্ডা।’
এই প্রজন্মকে সবচেয়ে বেশি টানে ক্রিকেট। তাদের পছন্দের তালিকায় ফুটবল দুইয়ে, তবে অনেক পিছিয়ে। বিকেএসপির গত চার বছরের পরিসংখ্যানে এর একটা ধারণা পাওয়া যায়। এ সময়ে ভর্তি-ইচ্ছুক ক্রিকেটার এসেছিল ১৩০৬৪ জন, ভর্তি করা হয়েছে ১০০ জনকে। আর ফুটবলে ট্রায়ালে আসে ১২৪০, ভর্তি হতে পারে ১০৮ জন। অ্যাথলেটিকসে ১৯৭ জন ট্রায়াল দেওয়ার পর ২২ জন ভর্তি হয়েছিল। বিকেএসপিতে বর্তমানে অ্যাথলেটিকসে ভর্তি হওয়া ছাত্রছাত্রী আছে ২৮ জন। এর মধ্যে ১০ জন কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্য নয়। বাকি ১০ জন বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতার জন্য তৈরি হচ্ছে। বর্তমানে উচ্চতর প্রশিক্ষণ নিতে কাতারে আছে তামান্না আক্তার ও আশরাফুজ্জামান রচি। বাকি চারজনের পারফরম্যান্স জাতীয় মানের নয়, এ জন্যই নাকি তাদের ঢাকায় পাঠানো হয়নি! বিকেএসপির অ্যাথলেটিকস কোচ মতিউল আলমও মানছেন যে অ্যাথলেটিকসে দুরবস্থা চলছে, ‘আমাদের পাইপলাইনে অ্যাথলেট অনেক কম। নতুনরা উঠে আসছে না।’ অ্যাথলেটিকস বিভাগের প্রধান মেহেদী হাসান প্রত্যাশামতো অ্যাথলেট পাওয়া যাচ্ছে না ভেবে চিন্তিত, ‘প্রতিবছর ১২ জন নেওয়ার কথা থাকলেও আমরা অনেক কম পাই।’ এভাবে চললে সত্যি একদিন অ্যাথলেটহীন হয়ে পড়বে বিকেএসপি!
চার বছরের বিকেএসপি
ভর্তি-ইচ্ছুক ভর্তি
খেলোয়াড়
২০১৪
ক্রিকেট ৩৫০০ ২২
ফুটবল ৪০০ ২২
অ্যাথলেটিকস ৬০ ৮
২০১৩
ক্রিকেট ৩০১০ ২৬
ফুটবল ৪৫০ ৪২
অ্যাথলেটিকস ৭০ ১০
২০১২
ক্রিকেট ২৫৫৪ ২৫
ফুটবল ২১০ ২৮
অ্যাথলেটিকস ৩৭ ২
২০১১
ক্রিকেট ৪০০০ ২৭
ফুটবল ১৮০ ১৬
অ্যাথলেটিকস ৩০ ২