বিকেএসপির তারার মেলায় স্মৃতির সৌরভ

খন্দকার সাকিব আল হাসান। রোল নম্বর, ক্রিকেট-৩৭০। ভর্তি, ১৭ আগস্ট ২০০২।
তথ্যগুলো বিকেএসপির পুরোনো ফাইল ঘেঁটে পাওয়া। লাল মলাটের ফাইলটা দেখলে বিশ্ব ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার সাকিব হয়তো একটু বেশিই স্মৃতিকাতর হয়ে পড়তেন। ১৩ বছর আগের এমনই এক শরতের সকালে এসেছিলেন ছায়াঘেরা বিকেএসপিতে। যেখানে ব্যাট-বল আর বই-খাতা নিয়ে কাটিয়েছেন ছয়টি বছর।
কাল আবারও প্রিয় ক্যাম্পাসে এসেছিলেন সাকিব। উপলক্ষ বিকেএসপির ছাত্রছাত্রীদের পুনর্মিলনী। ওয়ালটনের পৃষ্ঠপোষণায় বিকেএসপির এই অনুষ্ঠান এক অর্থে হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনেরই মিলনমেলা। কে ছিলেন না এই প্রাণের মেলায়? বাংলাদেশের ক্রিকেটের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় থেকে শুরু করে বর্তমানের আবদুর রাজ্জাক, মুশফিকুর রহিম, নাসির হোসেন, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, লিটন কুমার দাস। এসেছিলেন সাবেক ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু, মনোয়ার হোসেন, মাসুদ রানা, কিংশুক চাকমা, জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম, হকির সাবেক অধিনায়ক মামুনুর রশিদ, মাহবুব এহসান, খেলোয়াড় মওদুদুর রহমান, আবদুস সাজ্জাদরা। ১১ মাস বয়সী ছেলে আলী বিন আসিফকে নিয়ে ক্যাম্পাসে এসেছিলেন কমনওয়েলথ গেমসের সোনাজয়ী শ্যুটার আসিফ হোসেন খান। ছিলেন বাস্কেটবল খেলোয়াড় মিথুন সরকার, শোয়েব হোসেনরাও।
পুনর্মিলনীতে যোগ দেবেন বলে পরশু রাত থেকেই একরকম নির্ঘুম মামুনুল স্ত্রী সাদিয়াকে নিয়ে প্রথম পা রাখলেন বিকেএসপিতে। কিন্তু বন্ধুদের সাহচর্যই তাঁকে টানল বেশি, ‘এমন দিন আমাদের জীবনে কমই আসে। এখানে আসার জন্য সব কাজ ফেলে ছুটে এসেছি!’ বিকেএসপিতে পা দিয়েই তাঁর মনে পড়ল রুশো স্যারের ‘বেতের বাড়ি’, ‘রুশো স্যার খুবই কড়া ছিলেন। একদিন বৃষ্টির মধ্যে ছাদে ফুটবল খেলছিলাম। ওই সময় স্যার বেত নিয়ে তাড়া করেন। স্যারকে বলি বেতের বাড়ি না মেরে ফ্রন্ট রোলের (ডিগবাজি) শাস্তি দিতে। সেদিন ১০০ ফ্রন্ট রোল দিয়ে তবেই মাফ পাই।’
পুনর্মিলনী অনুষ্ঠানে সব আলোটা যেন কেড়ে নিলেন ক্রিকেটাররা। জাতীয় দলের অনুশীলন থেকে ছুটি নিয়ে আসা মুশফিক-সাকিবদের পেছনে মৌমাছির মতো ছুটতে শুরু করল সবাই। কে কার আগে সেলফি তুলবে, তা নিয়ে প্রতিযোগিতা! ব্যান্ড পার্টির বাজনার তালে ক্যাম্পাস ঘুরলেন নতুন-পুরোনো ছাত্রছাত্রীরা। কখনো মুশফিক, কখনো সৌম্যকে মাথায় নিয়ে নাচতে থাকলেন তাঁরা।
সাকিব বিকেএসপিতে এসেই ছুটলেন হোস্টেলের দিকে। বাংলার শিক্ষক শামীমুজ্জামানের সঙ্গে গেলেন তাঁর স্মৃতিগন্ধা কক্ষটিতে। অপেক্ষায় থাকা ব্যাচমেটদের দেখে তাঁর প্রশ্ন, ‘তোরা এত কম এসেছিস কেন? আর সবাই কোথায়?’ বিকেএসপিতে কাল চলছিল জেএসসি পরীক্ষার মডেল টেস্ট। পরীক্ষার কক্ষে ঢুকে স্যার-ম্যাডামদের চমকে দিলেন সাকিব। চলল ছবি তোলার ধুম। তারপর হোস্টেলের লনে বন্ধুদের সঙ্গে খোশগল্প।
স্মৃতির ঝাঁপিগুলো উপুড় করে দিয়েছেন সবাই। বিকেএসপির প্রথম দিনের স্মৃতি আজও ভুলতে পারেননি এনামুল হক বিজয়, ‘সেদিন কয়েক বন্ধু দেরি করে এসেছিলাম। এ জন্য স্যার আমাকে ফ্রন্ট রোল দিতে বললেন। আমি তো বুঝিনি কীভাবে দেব। পরে বুঝলাম ডিগবাজি দিতে হবে।’
বিকেএসপির ছাত্রদের সবচেয়ে মজার ঘটনা চারতলা থেকে অন্যদের গায়ে পানি ছেটানো। কাল সেই কথা মনে করে হাসছিলেন এনামুল, ‘চারতলার ওপর দাঁড়িয়ে স্যারদের গায়ে কত যে পানি ঢেলেছি!’ ক্লাসে কান ধরে দাঁড়িয়ে থাকা, দেয়াল টপকে ফুচকা খেতে যাওয়া—ফেলে আসা দিনগুলো উঁকি দিয়ে যাচ্ছিল সবার মনেই।
সবাই যখন খোশগল্প আর হাসি-আনন্দে মেতে আছেন, ক্রাচে ভর দিয়ে এলেন জিমন্যাস্টিকসের ছাত্র বরকতউল্লাহ। অনুশীলনের সময় পমেল হর্স থেকে পড়ে গিয়ে স্পাইনাল কর্ড ছিঁড়ে যায় তাঁর। এখনো চিকিৎসা চলছে। কিন্তু বন্ধুদের টান উপেক্ষা করতে পারেননি, ‘প্রথমে আসতে চাইনি। কিন্তু বন্ধুরা আসবে বলে চলে এলাম।’
বিকেলে মাঠে একসঙ্গে ফুটবল খেলেছেন ফিরোজ মাহমুদ, মামুনুল, সাকিব, মুশফিকরা। খেলা শেষে ছুটলেন আরেক মাঠে কনসার্টে। সন্ধ্যার আলো-আঁধারিতে তখন বাজছিল ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়!’