
এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামেই কখনোই ঢোকেনি ছেলেটি। কাল স্টেডিয়ামে ঢুকেই তার চোখ ছানাবড়া, ‘এত বড় স্টেডিয়াম!
নওশাদ হাসানের স্টেডিয়াম নিয়ে যেমন কোনো ধারণা নেই, সে জানত না ভালো রানিং শুয়ের দাম কত। লং জাম্প দেওয়ার আগে বিকেএসপির অ্যাথলেটদের কাছেই জেনেছিল এক জোড়া ভালো জুতার দাম প্রায় ৭-৮ হাজার টাকা। জুতার অভাবে খালি পায়ে অনুশীলন করেছে নারায়ণগঞ্জের কিশোর। ৩০তম জাতীয় জুনিয়র মিটে অংশ নেওয়ার আগে মায়ের কাছ থেকে চেয়ে আনা সাড়ে চার শ টাকা দিয়ে একজোড়া কালো শু কেনে। লং জাম্প শেষে মুঠোফোনে সবার আগে খবরটা মাকেই দিল, ‘মা আমি সোনা জিতেছি!’ ৭.০১ মিটার দূরত্ব অতিক্রম করার পর ফ্লাডলাইটের আলোয় তার মুখখানাও চকচক করছিল। নওশাদ হারিয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের উজ্জ্বল সূত্রধরকে। অল্পের জন্য ছুঁতে পারেনি জাতীয় রেকর্ড (৭.০৭ মিটার)!
আন্তর্জাতিক অঙ্গনে লং জাম্পে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে। ১৯৮৪ কাঠমান্ডু এসএ গেমসে একমাত্র সোনা জিতেছিলেন মুজিবর রহমান মল্লিক। কোচ মহিউদ্দিন আহমেদ ৫ ফুট ৮ ইঞ্চি দীর্ঘ নওশাদের মাঝে দেখছেন মুজিবরের ছায়া, ‘ও মল্লিক ভাইয়ের মতোই লম্বা। দেখতেও একই রকম। সঠিক পরিচর্যা পেলে ভবিষ্যতে ভালো করবে ছেলেটি।’
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পর্কে কিছু জানা ছিল না নওশাদের। টেলিভিশনে গতবার দেখেছিল খেলা। স্কুল, কলেজ এবং জেলা পর্যায়ে বরাবরই চ্যাম্পিয়ন হলেও এই প্রতিযোগিতায় কীভাবে অংশ নিতে হবে সেটা জানত না। তবে কোদাল দিয়ে বাড়ির পাশের মাঠ কুপিয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছে। একা একা লং জাম্প অনুশীলন করে বলে বন্ধুরা পাগল বলে খেপায়। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তাকে প্রথম দেখেছিলেন ক্রীড়া শিক্ষক পরিতোষ চন্দ্র। বলেছিলেন, ‘তুই লং জাম্পে ভালো করবি।’ এরপর আর খেলাটা ছাড়েনি নওশাদ। পরে কলেজের মোহসিন স্যার বাড়তি উত্সাহ দিয়েছেন। ফেডারেশন সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস এবার নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে খেলার সুযোগ করে দেন। কৃষক বাবার ছেলের চোখে এখন আরও বড় সাফল্যের স্বপ্ন।
লং জাম্পটা বাদ দিলে কাল অন্য সব ইভেন্টে ছিল বিকেএসপির আধিপত্য। ১০০ মিটার সিপ্রন্টের বালক ও বালিকা দুই বিভাগেই সোনা জিতেছে বিকেএসপির আশরাফুজ্জামান ও দিশা সুলতানা। বাগেরহাটের আশরাফুজ্জামান ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছে, মানিকগঞ্জের দিশা সময় নেয় ১৩.২০ সেকেন্ড। কিশোরীদের ২০০ মিটারে সোনা জিতেছে অ্যাথলেটিকস কোচ কিতাব আলীর নাতনি বিকেএসপির তামান্না আক্তার, বালিকাদের শটপুটে চ্যাম্পিয়ন বিকেএসপির তাহমিনা আক্তার।