বিকেএসপির প্রথম জয়
প্রথম তিন রাউন্ড পর্যন্ত সেঞ্চুরির হাহাকার ছিল প্রিমিয়ার লিগে। সেই হাহাকার ধীরে ধীরে মিটতে শুরু করেছে। চতুর্থ রাউন্ডে ৩ সেঞ্চুরির পর পঞ্চম রাউন্ডও দেখল ৫টি সেঞ্চুরি। এর ৩টি হয়েছে পরশু, বাকি দুটি হয়েছে কাল। সেঞ্চুরি করেছেন ওরিয়েন্টের আসিফ হোসেন ও ভিক্টোরিয়ার মমিনুল হক। তবে দিন শেষে দুই সেঞ্চুরিয়ানকে মাঠ ছাড়তে হয়েছে দুই রকমের অনুভূতি নিয়ে। অপরাজিত সেঞ্চুরি করার পরও হারতে হয়েছে আসিফকে। তাঁর দল ওরিয়েন্ট সূর্যতরুণের কাছে হেরেছে ২ উইকেটে। আর মমিনুল মাঠ ছেড়েছেন জয়ের তৃপ্তি নিয়ে। কলাবাগানকে ৮ রানে হারিয়েছে মমিনুলের দল ভিক্টেরিয়া। আরেক ম্যাচে প্রাইম দোলেশ্বরকে ২৮ রানে হারিয়ে বিকেএসপি পেয়েছে প্রথম জয়। রাজশাহীতে ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পরও ওরিয়েন্ট যে স্কোর বোর্ডে ২৫২ রান তুলতে পারল, তাতে বড় অবদান আসিফের। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ওরিয়েন্টের উইকেট পড়ার গতি রোধ করেন তিনিই। চতুর্থ উইকেটে ওপেনার রবিউল ইসলামকে নিয়ে গড়েন ৯২ রানের জুটি। এরপর সাজ্জাদুল হককে নিয়ে ৭৪ রান তোলেন ষষ্ঠ উইকেটে। ১২৯ বলে ১৩৪ রানের ইনিংসটি আসিফ সাজিয়েছেন ১২টি চার ও ৮টি ছয়ে।সূর্যতরুণের কেউ এত বড় ইনিংস খেলতে পারেননি। ওপেনার ইমতিয়াজ হোসেনের ৬৬ বলে ৫৬ রানের ইনিংসটিই সর্বোচ্চ। তবে সবাই টুকটাক রান করেছেন বলেই জিততে পেরেছে তারা। ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত জমেছিল। জয় পেতে ৪৮.৫ ওভার পর্যন্ত খেলতে হয় তাদের। হারাতে হয় ৮ উইকেট।বিকেএসপিতে মমিনুলের ১২১ বলে ১০০ রানের ধীরস্থির ইনিংসের কল্যাণে ৯ উইকেট হারিয়ে ২১৬ রান তুলতে পেরেছিল ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার এই রান তাড়া করে জয়ের খুব কাছেই চলে গিয়েছিল কলাবাগান। শেষ পর্যন্ত অবশ্য জয় দেখা হয়নি তাদের। ৫ বল হাতে থাকতে ২০৮ রানে অলআউট হয়ে যায় কলাবাগান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেছেন মাহমুদুল হাসান। বিকেএসপি-প্রাইম দোলেশ্বর ম্যাচ সেঞ্চুরি না দেখলেও দেখেছে ৪টি হাফ সেঞ্চুরি। আশিকুল ইসলাম (৭১) ও আসিফ আহমেদের (৮৫*) ফিফটিতে ৫ উইকেপে ২৭৬ রান তুলেছে বিকেএসপি। প্রাইম দোলেশ্বরের পক্ষে হাফ সেঞ্চুরি করেছেন উত্তম সরকার (৬১) ও মোহাম্মদ জাহিদ (৫০)। তবে শেষ পর্যন্ত জয় হয় আশিকুল ও আসিফেরই। ২৪৮ রানে অলআউট হয়ে যায় দোলেশ্বর। সং ক্ষি প্ত স্কো রভিক্টোরিয়া: ৫০ ওভারে ২১৬/৯ (মমিনুল ১০০, ফাহাদুল ৫২, কামরুল ১৬, শাহীন ১১, তারিক ১০; শরীফ ৪/৪৫, আরাফাত সানি ৩/৪০, ইজাজ ১/৪২)। কলাবাগান: ৪৯.১ ওভারে ২০৮ (মাহমুদুল হাসান ৩৭, নাজমুস সাদাত ৩১, মাহবুবুল ৩০, শরীফ ২৬, ইজাজ ২৫, আরিফুল ২৩; মনির ৩/৩৭, কামরুল ৩/৪১, মমিনুল ২/৩০)। ফল: ভিক্টোরিয়া ৮ রানে জয়ী।বিকেএসপি: ৫০ ওভারে ২৭৬/৫ (আসিফ আহমেদ ৮৫*, আশিকুল ৭১, সৌম্য সরকার ৩৫, তারিকুল ২৬, জুপিটার ২৫, বিটন দাস ১৬; নাজমুল ৩/৫৩, নিজামউদ্দিন ১/৩৮, রুবেল ১/৫৯)। দোলেশ্বর ৪৯.২ ওভারে ২৪৮ (উত্তম ৬১, জাহিদ ৫০, নাদিফ ২৬, নাজমুল ২৫*, ইমরান ২১, নিজামউদ্দিন ২০; জাকারিয়া ৩/৩৬, আসিফ ৩/৫০, সৌম্য ২/৪১, ইমামুল ১/২৭, হাবিবুল্লাহ ১/৫৫)। ফল: বিকেএসপি ২৮ রানে জয়ী।ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৫২/৭ (আসিফ হোসেন ১৩৪*, রবিউল ৫৯, সাজ্জাদুল ২৯, সোহাগ ১৫; রিজওয়ান ৩/৬৭, দেবেন্দ্র ২/১৯, শাফাক ১/৩৭, সোহরাওয়ার্দী ১/৩৮)। সূর্যতরুণ: ৪৮.৫ ওভারে ২৫৩/৮ (ইমতিয়াজ ৫৬, ধীমান ৩৯, মিজানুর ৩৩, হামিদুল ৩০, রাজিন ২৮; আবু জায়েদ ২/৪০, আশরাফুল হক ২/৪১, রবিউল ২/৪৫, জাকারিয়া ১/২৫, খুররম ১/৪২)। ফল: সূর্যতরুণ ২ উইকেটে জয়ী।