বিকেএসপির শ্রেষ্ঠত্ব কেড়ে নিল আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন বছরের চ্যাম্পিয়ন তারা। সব মিলিয়ে ২৪ বার। কিন্তু সেই সাফল্য এবার ধরে রাখতে পারল না বিকেএসপি। ২০০৭ সালের পর জাতীয় বয়সভিত্তিক সাঁতারে এবার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ আনসার। ৫৫টি সোনা, ৩২টি রুপা ও ২৪টি ব্রোঞ্জ জেতা আনসারের ছেলেমেয়েদের মাথায় এ নিয়ে চতুর্থবারের মতো উঠল সেরার মুকুট। রানার্সআপ বিকেএসপি জিতেছে ৪৫টি সোনা, ৫৫টি রুপা ও ৩২টি ব্রোঞ্জ।কাল শেষ দিনে ৮টিসহ মোট ২০টি ইভেন্টে হয়েছে নতুন রেকর্ড। ১৫-১৭ বছরের বালক বিভাগে দুটি রেকর্ড বিকেএসপির মাহমুদুন্নবীর—২০০ মিটার ব্যাক স্ট্রোকে সময় নেন ২ মিনিট ২৬.৬১ সেকেন্ড, ১০০ মিটার বাটারফ্লাইয়ে ১: ০০.৩৮ সেকেন্ড। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১৩-১৪ বছর বয়সে বালক-বালিকা দুই বিভাগেই রেকর্ড গড়ে সোনা জিতেছেন বিকেএসপির টিটু মিয়া (১: ১৮.০২ সে.) ও আনসারের মরিয়ম খাতুন (১: ২৬.৭২ সে.)। ১৮-২০ বছরের ৫০ মিটার ফ্রি-স্টাইলে মেয়েদের বিভাগে আনসারের রোজিনা আক্তার রেকর্ড গড়েছেন ০০: ৩১.৯৮ সেকেন্ডে। এই বিভাগে ছেলেদের ২০০ মিটারে ব্যক্তিগত মিডলের রেকর্ড জুয়েল আহমেদের (২: ২০.৭৪ সে.)। ১৫-১৭ বছর বয়সী মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ের রেকর্ডটি বিকেএসপির শান্তা হায়দারের (১: ২১.২৫ সে.)। ১০০ মিটার ফ্রি-স্টাইলে ১৩-১৪ বছর বয়সে বালিকাদের বিভাগে আনসারের নাজমা খাতুন রেকর্ড গড়ে সোনা জিতেছে (১: ০৯.৬৩ সে.)।আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও বিকেএসপির চেয়ে এবার সব বিভাগেই ভালো করেছে আমলার পুকুরে অনুশীলন করা আনসারের সাঁতারুরা। কোচ ইমদাদুল হক রহস্যটা জানালেন, ‘এবার ছেলেমেয়েরা কঠোর অনুশীলন করেছে। সাঁতারের প্রতি ওরা খুবই নিবেদিতপ্রাণ। অবশ্য এর সঙ্গে আর্থিক ব্যাপারও আছে।’ সোনা জিতলে পুরস্কার দেওয়া হচ্ছে ৮ হাজার টাকা করে, রেকর্ড গড়ে সোনা জেতা সাঁতারুরা পাচ্ছেন বাড়তি ৬ হাজার টাকা। হতাশ বিকেএসপির কোচ মোশাররফ হোসেন জানালেন, ‘খুবই খারাপ লাগছে। এবার আমাদের ভালোমানের মেয়ে সাঁতারু ছিল না। এ ছাড়া বেশ কিছুদিন অনুশীলনও বন্ধ ছিল।’মোট ১১টি সোনা জিতে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন বিকেএসপির টিটু মিয়া। দুটি রেকর্ডসহ ৯টি সোনা, ১টি রুপা ও ১টি ব্রোঞ্জ জিতে মেয়েদের সেরা আনসারের ববিতা খাতুন। তিন দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ। একই মঞ্চে গত তিন বছরের ইন্দো-বাংলা গেমসের পদকজয়ীদেরও দেওয়া হয়েছে সংবর্ধনা। সবশেষে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।