বিকেলবেলায় এল ক্লাসিকো!
সকালে রয়েছে মহাগুরুত্বপূর্ণ কোনো কাজ। এদিকে অনেক আগেই পেরিয়ে গেছে মধ্যরাত। ঘুমে চোখ মুদে আসছে, কিন্তু ঘুমালে তো চলবে না। একটু পরই যে শুরু এল ক্লাসিকো! এমন দ্বৈরথ দেখতে এক রাতের ঘুমের বারোটা নিশ্চয়ই আপনারা অনেকবার বাজিয়েছেন। একটা সুসংবাদ আছে আপনাদের জন্য, সামনের এল ক্লাসিকো দেখার জন্য হয়তো আর রাত জাগতে হবে না। বিকেলেই সম্ভবত দেখবেন মেসি, নেইমারদের সঙ্গে রোনালদো, বেলদের সেই বহুল প্রতীক্ষিত লড়াই।
এখনো কিছু চূড়ান্ত হয়নি, তবে ২৭ অক্টোবর ন্যু ক্যাম্পের এল ক্লাসিকোটা স্পেনের সময় দুপুরে হওয়ার ভালো সম্ভাবনা আছে। এমনিতে দুপুরে ভরপেট খেয়ে একটু গড়িয়ে না নিলে চলে না স্প্যানিশদের। খেলার সময় এগিয়ে এলে ‘সিয়েস্তা’ শেষ। কিন্তু গতানুগতিক ধারার বিপরীতে হঠাৎ করেই কেন এই সম্ভাবনা? আসল কারণ অবশ্যই বাণিজ্যিক। ফুটবলের সম্প্রসারণশীল ব্যবসায়িক জগতে এশিয়ার বাজারটা এখন দারুণ লোভনীয়। কিন্তু এখন পর্যন্ত এখানে ইংলিশ প্রিমিয়ার লিগের একচেটিয়া ব্যবসা। প্রিমিয়ার লিগের সম্প্রচার সময়টা এশিয়ার জন্য বেশ সুবিধাজনক, এটাও একটা বড় কারণ। এই ক্ষেত্রে গভীর রাতে ম্যাচ হওয়ায় লা লিগা অনেকটাই পিছিয়ে।
বার্সেলোনাভিত্তিক বিপণন সংস্থা মিডিয়াপ্রোর প্রধান নির্বাহী জেউম রৌরেস বলেছেন, ‘আমরা কিছু বলতে পারছি না, কারণ আরও প্রায় দুই মাস বাকি। কিন্তু পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’ এশীয় বাজারের হাতছানিটাই যে আসল কারণ সেটাও স্বীকার করলেন, ‘এটা হবে দারুণ একটা ব্যাপার। এশিয়ায় বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের চেয়ে এমনকি মেসি-রোনালদোর ভক্ত বেশি।’
মেসি, রোনালদোদের ভরদুপুরের লড়াইটা তাই হয়ে যাওয়ার ভালোই একটা সম্ভাবনা আছে। যদি হয়েই যায়, রিয়াল মাদ্রিদ কিন্তু মহড়া দিয়েই রেখেছে। গত সপ্তাহেই অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ম্যাচটা রিয়াল খেলেছে দুপুরের কড়া রোদ মাথায় করে। ওয়েবসাইট।