বিকোচ্ছে না বিশ্বকাপের টিকিট
বিশ্বকাপ মৌসুমে খেলার পাতায় প্রায়ই শিরোনাম হয়—টিকিটের জন্য হাহাকার। এবার এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে শিরোনাম হচ্ছে উল্টোটা, টিকিট ক্রেতার জন্য হাহাকার! বিশ্বকাপের আর ৫ মাসও বাকি নেই। কিন্তু টিকিট বিক্রির হার খুবই হতাশাজনক। এর পর আবার অ্যাঙ্গোলায় টোগো দলের ওপর হামলা আফ্রিকা কতটা নিরাপদ তুলে দিয়েছে এই প্রশ্নও।জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও টিকিট বিক্রি নিয়ে উদ্বিগ্ন। অধিনায়ক এবং কোচ—দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতা বেকেনবাওয়ার নিরাপত্তাকে একটা কারণ হিসেবে তো দেখছেনই। পাশাপাশি টিকিটের অতিমূল্যেরও সমালোচনা করেছেন ‘কাইজার’।‘দক্ষিণ আফ্রিকায় যাওয়ার ব্যাপারে জার্মান সমর্থকেরা যে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে তার কারণ শুধু নিরাপত্তাজনিত নয়, টিকিটের দামও ধরা হয়েছে বেশ চড়া। একজন সাধারণ মানুষের পক্ষে কি সপ্তাহে ৫-৬ হাজার ইউরো (পৌনে ছয় লাখ টাকা প্রায়) খরচ করা সম্ভব?’—বেকেনবাওয়ারের প্রশ্নটা অবশ্যই যুক্তিসংগত।জার্মানির জন্য এবার ২১০০০ টিকিট বরাদ্দ করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এখন পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে মাত্র সাড়ে ছয় হাজার। একই দিন আরেক বার্তা সংস্থা এপির জানিয়েছে, টিকিট বিক্রি হয়েছে মাত্র দুই হাজার! আসল সংখ্যা যেটাই হোক, ব্যাপারটা হতাশাজনক।বিশ্বকাপের সবচেয়ে কম মূল্যের টিকিটটা ১১ জুন দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো উদ্বোধনী ম্যাচের। দাম ১৪০ ইউরো (১৩ হাজার ৭০০ টাকা)। সবচেয়ে বেশি দাম ১১ জুলাই ফাইনালের, ৬৩০ ইউরো (৬১ হাজার ৬০০ টাকা)। দামের পাশাপাশি টিকিট বিক্রিতে বড় বাধা হলো এর পদ্ধতি। এখন পর্যন্ত টিকিট কিনতে হলে অনলাইনেই কিনতে হবে। কিন্তু বিশ্বের বেশির ভাগ মানুষই তো প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত। দক্ষিণ আফ্রিকায় বেশ কিছু ব্যাংকেও টিকিট পাওয়া যাচ্ছে। কিন্তু ফরম-টরম পূরণের ঝামেলা নিরুত্সাহিত করছে স্থানীয় দর্শকদের।তাই শুধু জার্মানি নয়, খোদ দক্ষিণ আফ্রিকাতেও টিকিট বিক্রির হার সবচেয়ে হতাশাজনক। স্বাগতিক দলের পারফরম্যান্স এর একটা বড় কারণ। গাঁটের টাকা খরচ করে নিজ দলের নিশ্চিত পরাজয় দেখতে কারই বা মন চাইবে! স্বাগতিক দেশটিতেই টিকিট বিক্রির যে হার, তাতে স্থানীয় আয়োজক কমিটির প্রধান নির্বাহী ড্যানি জর্ডানের তো এমন আশঙ্কাও হচ্ছে, বিশ্বকাপ এই প্রথম স্বাগতিক দর্শকের চেয়ে বেশিসংখ্যক বিদেশি দর্শক দেখবে!সবচেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে যেসব দলের, তার সেরা দশেও নেই দক্ষিণ আফ্রিকা। জর্ডান বলছেন, ‘লোক বাফানা বাফানাদের (দক্ষিণ আফ্রিকা দল) টিকিট কিনছে না। আগের বিশ্বকাপগুলোতে স্বাগতিকদের ম্যাচের টিকিট সবার আগে ফুরিয়ে যেত। কিন্তু এখানে সেটা হচ্ছে না। ভবিষ্যত্ ভেবে আমরা তাই শঙ্কিত। এমন ধারা চলতে থাকলে সেটি হবে খুবই দুঃখজনক। আমি তাই সমর্থকদের প্রতি আবেদন জানাই, আপনারা আপনাদের দলকে সমর্থন দিন।’