বিক্রি হয়ে গেল ইংলিশ ক্লাব লিভারপুল
বিক্রি হয়ে গেল জনপ্রিয় ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত ক্রীড়া ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নিউ ইংল্যান্ড স্পোর্টস ভেনচার (এনইএসভি) এই ক্লাবটির বেশির ভাগ শেয়ারই কিনে নিয়েছে। এনইএসভি বর্তমানে লিভারপুল ছাড়াও এর আগে মার্কিন বাস্কেটবল ফ্র্যাঞ্চাইজ বোস্টন রেড সক্সয়ের মালিক। লিভারপুল ক্লাবের দুই মালিক টিম হাইকস ও জর্জ জিলেট ক্লাবটি বিক্রির বিরুদ্ধে অবস্থান নিলেও অন্য বোর্ড সদস্যরা ক্লাবটি বিক্রির বিরুদ্ধে সব ধরনের আইনি বাধা অপসারণ করেন। মোট ৩০০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটির বিক্রি প্রক্রিয়া সম্পন্ন হয়।তবে যুক্তরাষ্ট্রের নাগরিক হাইকস ও জিলেট লিভারপুল ক্লাব বিক্রি হয়ে যাওয়ায় ক্ষতিপূরণ মামলা দায়ের করতে পারেন বলে মনে করা হচ্ছে। এর আগে তাঁদের দায়ের করা এমনি একটি মামলা সম্প্রতি টেক্সাসে খারিজ হয়ে যাওয়ার পর অনেকেই মনে করছেন, তাঁরা ইংল্যান্ডে এ ধরনের একটি মামলা দায়ের করতে পারেন। টেক্সাসের ডালাস কোর্টে এই মার্কিন নাগরিকদ্বয় প্রায় এক বিলিয়ন পাউন্ডের ক্ষতিপূরণ মামলা করেছিলেন। তাঁরা জানিয়েছেন, লিভারপুল ক্লাব বিক্রি করার পুরো প্রক্রিয়াটিই ‘অবৈধ’ ও ‘নজিরবিহীন জোচ্চুরি’।এদিকে নিউ ইংল্যান্ড স্পোর্টস ভেনচারের প্রধান জন ডব্লিউ হেনরি জানিয়েছেন, লিভারপুল ক্লাবের মালিকানা গ্রহণ করে এনইএসভি নিজেদের গর্বিত মনে করছে।