বিক্রি হয়ে গেল ছয় বিভাগীয় দলের ফ্র্যাঞ্চাইজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদের আকস্মিক মৃত্যুর ছায়া ঘিরে ছিল গোটা অনুষ্ঠান। তাঁর সহকর্মীদের সবাই এই শোকবিধুর সংবাদে ছিলেন কিছুটা অন্যমনস্ক। হয়তো দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের এই আনন্দঘন উপলক্ষে ছিলেন কিছুটা স্মৃতিকাতরও। গতকাল রাতেও অনেকেরই মঞ্জুর আহমেদের সঙ্গে বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে। তাঁর সঙ্গে আন্তমন্ত্রণালয় বৈঠকেও কেউ কেউ করেছেন অংশগ্রহণ। সব মিলিয়ে ওয়েস্টিন ঢাকার বলরুমে ছিল ছন্দপতনের সুর। অনেক আনন্দ আয়োজনও করা হয় স্থগিত। তার পরেও বহমান জীবনের ধারাবাহিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি কেনার পালা। দেশের ছয়টি করপোরেট প্রতিষ্ঠান আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে কিনে নিয়েছে দেশের ছয়টি বিভাগীয় দলের ফ্র্যাঞ্চাইজি। দরপত্রে সর্বোচ্চ দর হাঁকিয়ে ছয়টি বিভাগীয় দলের মধ্যে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে ইউরোপা গ্রুপ, চট্টগ্রামেরটা কিনেছে এসকিউ স্পোর্টস, খুলনা ওরিয়ন গ্রুপ, বরিশাল আলিফ গ্রুপ, সিলেট ওয়ালটন। রাজশাহীর দলস্বত্ব কিনেছে ডিজিটাল অটোকেয়ার। ছয়টি বিভাগীয় দলের ফ্র্যাঞ্চাইজি কিনতে গিয়ে দরপত্রে সর্বোচ্চ দর দিয়েছে এসকিউ স্পোর্টস। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি কিনতে তারা খরচ করেছে ১ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া ওরিয়ন গ্রুপ খুলনার ফ্র্যাঞ্চাইজি কিনেছে ১ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে। ইউরোপা গ্রুপ ঢাকার জন্য দিচ্ছে ১ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলার, বরিশালের জন্য আলিফ গ্রুপ ১ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলার, সিলেটের জন্য ওয়ালটন ১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি কিনতে ডিজিটাল অটোকেয়ারের খরচ হচ্ছে ১ দশমিক ০৭ মিলিয়ন মার্কিন ডলার।এর আগে, ছয় বিভাগের স্বত্ব পাওয়ার জন্য আগ্রহী নয়টি প্রতিষ্ঠান পাঁচ হাজার মার্কিন ডলারের বিনিময়ে একেকটি দরপত্র কেনে। প্রতিটি দলের ভিত্তিমূল্য ছিল ১ মিলিয়ন মার্কিন ডলার। অনুষ্ঠানের একপর্যায়ে অনুষ্ঠানস্থলে রক্ষিত স্বচ্ছ বাক্সে আগ্রহী প্রতিষ্ঠানগুলো তাদের দরপত্র জমা দেয়। সঙ্গে জমা দেয় এক লাখ ডলারের সমপরিমাণ টাকা। এরপর ক্রেতাসহ সংশ্লিষ্ট অন্যদের সামনে দরপত্র খোলা হয়।দলগুলোর ফ্র্যাঞ্চাইজি কেনার পর আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিটি করপোরেট প্রতিষ্ঠানই বিপিএলে মানসম্মত ও শক্তিশালী দল গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন ভালো মানের তারকা বিদেশি খেলোয়াড়দের দলে ভেড়ানোর। সেই সঙ্গে তারা সর্বোচ্চ পেশাদারিত্বেরও প্রতিশ্রুতি দেন।