বিক্ষুব্ধ-হতাশ তোরেস!
রবার্তো ডি মাত্তেওর কৌশল ও দিদিয়ের দ্রগবার ফর্মের কাছে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রথম একাদশে খেলতে পারেননি ফার্নান্দো তোরেস। ব্যাপারটি ভীষণ মনঃক্ষুণ্ন করেছে এই স্প্যানিশ স্ট্রাইকারকে। জীবনের অন্যতম আরাধ্য এই ম্যাচে প্রথম থেকে খেলতে না পারার ব্যাপারটি মেনে নিতে না পেরে তোরেস জানিয়েছেন আগামী মৌসুমে তিনি চেলসিতে খেলবেন কি না, তা পর্যালোচনার সময় এসে গেছে।তোরেসের কথা উঠলেই মনে পড়ে যায় ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের কথা। একক কৃতিত্বে তিনি স্পেনকে জিতিয়েছিলেন ইউরোপীয় ফুটবলের শিরোপা। কিন্তু ২০১০ সালের বিশ্বকাপেই যেন উল্টো রথ দেখা শুরু করলেন তিনি। ফর্ম হারিয়ে চলে গেলেন সাইড বেঞ্চে। স্পেনের বিশ্বকাপ জয়ের গৌরবে তিনি পেছনে পড়ে গেলেন ডেভিড ভিয়ার অসাধারণ গোল করার ক্ষমতার কাছে। ২০১১ সালে ৫০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে সই করে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল তাঁর জন্য। স্ট্যামফোর্ড ব্রিজের সময়গুলোও হতাশার বাইরে নয়। সেই হতাশার চূড়ান্ত মাত্রা দেখলেন তিনি এই মৌসুমে। বেশ ক্ষোভের সঙ্গেই বলেছেন, ‘চেলসিতে তিনি ঠিকমতো নিজের খেলাটা খেলতে পারছেন না।’একাদশে অনিয়মিত হওয়ার ব্যাপারে নিজের প্রতিক্রিয়ায় তোরেস বলেন, ‘ব্যাপারটি কেমন যেন স্ববিরোধী। আমি নিজে জানি, এ মুহূর্তে আমি আমার ফর্মের তুঙ্গে অবস্থান করছি। আমি আগের চেয়ে এখন অনেক বেশি ভালো খেলা ও গোল করার তাড়না ও ক্ষুধা বোধ করি। কিন্তু দেখুন চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা আমি বেঞ্চে বসেই কাটিয়ে দিলাম।’ তিনি আরও বলেন, ‘ম্যাচের আগে একাদশ দেখে আমার মনের মধ্যে কী যে হতাশার জন্ম হয়েছিল, তা সত্যিই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’লিভারপুল ছেড়ে চেলসিতে যোগ দেওয়ার সময় তাঁর সঙ্গে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটির যে প্রতিশ্রুতি ছিল, তা বাস্তবায়ন হয়নি বলেই জানান তোরেস। এ মুহূর্তে মনের ক্ষুব্ধতা চেলসির সঙ্গে আগামী মৌসুমে থাকাটাই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।‘এই মৌসুমে আমার সঙ্গে যা হয়েছে, তা আমার কাছে একেবারেই নতুন।’ বলে যান তোরেস।‘আমি যা কখনো কল্পনা করিনি, এই মৌসুমে আমার সঙ্গে তাই হলো। পুরো মৌসুমে আমার মনে হয়েছে, আমার সঙ্গে এক ধরনের প্রতারণা চলছে।’ তোরেসের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘চেলসিতে আমি যেভাবে আছি, সেটা কখনোই আমার ভূমিকা হতে পারে না। আমি এখানে সত্যিই স্বস্তি অনুভব করছি না।’ নিজের ভবিষ্যত্ নিয়ে চিন্তিত তোরেসের মুখে এবার বাস্তবতা, ‘সত্যিই সময় এসেছে পুরো বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া।’ ওয়েবসাইট।